মুক্ত আসরের আয়োজন ‘শতবর্ষে বিদ্রোহী’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি ‘বিদ্রোহী’ কবিতার শতবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পরিবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে মুক্ত আসর আয়োজন করে শতবর্ষে ‘বিদ্রোহী’। 

মুক্ত আসরের প্রতিষ্ঠাতা আবু সাঈদ এর সভাপতিত্বে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এমএসএ মনসুর আহমেদ, মাহফুজা হক ও আলোকচিত্রশিল্পী সাহাদাত পারভেজ, আশফাকুজ্জামান প্রমুখ। 

‘বিদ্রোহী’ কবিতাটি আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিকার রফিকুল ইসলাম। সংগীত পরিবেশন করেন নজরুলসংগীতশিল্পী শাহিনা আক্তার পাপিয়া। 

মুক্ত আসরের সভাপতি আবু সাঈদ্ বলেন, ‘মুক্ত আসর নানা রকমের কর্মকাণ্ডের মধ্যে অন্যতম উদ্যোগ ‘আমিই নজরুল’। এই উদ্যোগের মাধ্যমে আমরা জাতীয় কবির চিন্তা, চেতনা ও তাঁর আদর্শ তরুণদের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। 

অনুষ্ঠানে শেষে মুক্ত আসরের ২০২২–২৩ সালের ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। মুক্ত আসরের এই আয়োজনের সঙ্গে যুক্ত স্বপ্ন ’৭১ প্রকাশন ও ‘আমিই নজরুল’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আয়শা জাহান নূপুর।