রাজশাহী রেলওয়ে স্টেশনে যাত্রীকে মারপিট করার দায়ে এক রেলকর্মী মেহেদি হাসান রাসেলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে তাকে বরখাস্ত করার আদেশ দেওয়া হয়েছে। রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার আব্দুল করিম এই তথ্য নিশ্চিত করেছেন। মেহেদি রাজশাহী স্টেশনের টিকিট কালেক্টর (টিসি) হিসেবে কর্মরত ছিলেন।
স্টেশন ম্যানেজার আব্দুল করিম জানান, স্টেশনের ভেতরে একজন যাত্রীর সাথে খারাপ আচরণের একটি ভিডিও ক্লিপ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখেছেন। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে তাকে সাময়িক বরখাস্তের আদেশ দিয়েছেন।
পশ্চিম রেলেওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, রেলওয়ের কেউ কোনো যাত্রীকে মারতে পারে না। এটার সুযোগ নেই। ওই ঘটনার বিষয়ে এখনো ভুক্তোভোগী কোনো অভিযোগ করেননি। তবে, আমি এটি শোনার পর এবং ভিডিওটি দেখার পর নিজ উদ্যোগেই একটি তদন্ত কমিটি করেছি। গত মঙ্গলবার দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশনে রেলকর্মীদের হাতে মারধরের শিকার হন এক যাত্রী। ওই যাত্রী এক আনসার সদস্য।