হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মারা গেছেন দুই যুবক। গতকাল বৃহস্পতিবার সকালে তাদের একজনের লাশ বিদ্যুতের তারে ঝুলন্ত অবস্থায় এবং অন্যজনের লাশ খুঁটির নিচে পাওয়া যায়। ঘটনাটি ঘটেছে উপজেলার শিবপাশা ইউনিয়ন অফিসের পাশে।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, গত বুধবার রাতের কোনো একসময় ওই দুই যুবক বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে পল্লী বিদ্যুতের খুঁটিতে ওঠে। কিন্তু বিদ্যুতের ব্যাপারে অজ্ঞতাবশত দুজনই বিদ্যুতায়িত হয়ে মারা যায়। গতকাল সকালে স্থানীয় লোকজন ঘটনাটি দেখে আজমিরীগঞ্জ পল্লীবিদ্যুৎ অফিসে অবহিত করলে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করে দেওয়া হয়।
আজমিরীগঞ্জ পল্লী বিদ্যুতের সহকারী প্রকৌশলী আবদুর রশিদ বলেন, নিহতরা আজমিরীগঞ্জ পল্লীবিদ্যুৎসংশ্লিষ্ট কেউ না।
আজমিরীগঞ্জ থানার ওসি নূরুল ইসলাম বলেন, তারা ট্রান্সফরমার চুরি করতে এসেছিল। তাদের পরিচয় পাওয়া যায়নি।