খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানা জাতীয় শ্রমিক ফেডারেশনের উদ্যোগে রাষ্ট্রায়ত্ত আলিম জুট মিলের অবসায়ন, অবসরকৃত ও বদলি শ্রমিকদের সকল পাওনা পরিশোধ ও মিল চালুর দাবিতে পতাকা মিছিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় খুলনা-যশোর মহাসড়কে তারা এ লাল পতাকা মিছিল বের করে।
ফেডারেশনের সভাপতি আমিরুল ইসলাম সরদারের সভাপতিত্বে এসময় সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতা করেন সাধারণ সম্পাদক মো. আলাউদ্দীন, জেজেআই মিলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মল্লিক, আনোয়ার সরদার, সালাম জোমাদ্দার, আবদুস সাত্তার মোল্লা, আবদুর রশিদ, জহির খা, আবুল কাশেম সরদার, মো. কামরুজ্জামান, শেখ মুজিবর রহমান, আবদুর রউফ, জাকির সরদার, মো. মফিজ, আমির হামজা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, রাষ্ট্রায়ত্ত আলিম জুট মিলের অবসায়ন, অবসরকৃত ও বদলি শ্রমিকদের ৬৪ সপ্তাহের মজুরি, কর্মচারীদের ১১ মাসের বেতন বাকি রয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে মিল চালুসহ শ্রমিকদের পাওনা পরিশোধ করা না হলে রাজপথ-রেলপথ অবরোধসহ কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।