আ.লীগ সরকার ফ্যাসিবাদে বিশ্বাসী : ফখরুল

বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী দমনে সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সবুজবাগে হেলথ এইড ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগনকে দেখতে গিয়ে তিনি এ অভিযোগ করেন। বিএনপি মহাসচিব বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার মূলত সম্পূর্ণভাবে ফ্যাসিবাদী এবং একনায়কতন্ত্রে বিশ্বাসী একটি সরকার। তারা কোনো ধরনের ভিন্নমত বা ভিন্ন চিন্তাভাবনা সহ্য করে না। যার ফলে তারা গণতন্ত্রকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। বেআইনিভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশকে ব্যবহার করে তাদের ক্ষমতাকে ধরে রাখতে চায়। দেশে একদলীয় শাসনব্যবস্থা তারা প্রতিষ্ঠা করতে চায়, সেই লক্ষ্যেই তারা কাজ করে চলেছে। আমরা আবারও বলছি, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এ সরকারকে সরানো হবে। দেশের নির্যাতন-নিপীড়নের প্রতিউত্তর জনগণই দেবে।’

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে হবিগঞ্জে দলের সমাবেশে পুলিশের অতর্কিত হামলা ও গুলিতে গুরুতর আহত হন রাজিব। তার সারা শরীরে পুলিশের ছোড়া রাবার বুলেটের ক্ষতচিহ্ন রয়েছে। প্রথমে তাকে হবিগঞ্জে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে সবুজবাগে হেলথ এইড ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে। রাজিব ছাড়াও জেলা ছাত্রদল নেতা আবদুল আহাদ তুষার, সাইদুর রহমানসহ অন্তত শতাধিক নেতাকর্মী আহত হন।

মির্জা ফখরুল হাসপাতালে গিয়ে রিংগনের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থা জানার চেষ্টা করেন। পরে তিনি বলেন, ‘আপনারা নিজেরা দেখেছেন, রাজিবের সমস্ত শরীর গুলিবিদ্ধ হয়েছে। ভাগ্যক্রমে তার চোখে ক্ষত হয়নি। আমাদের কাছে মনে হয়েছে হত্যার উদ্দেশ্যেই গুলিবর্ষণ করা হয়েছে।’