ফিফার বর্ষসেরা কোচের লড়াইয়ে নেই আর্জেন্টিনার স্কালোনি

ফিফার বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তিনজনের তালিকায় জায়গা করে নিয়েছেন রবের্তো মানচিনি, পেপ গার্দিওলা ও টমাস টুখেল। তালিকায় জায়গা হয়নি আর্জেন্টিনাকে ২৮ বছরের শিরোপা খরা ঘুচিয়ে কোপা আমেরিকা জেতানো কোচ লিওনেল স্কালোনির।

গত বছরের জুলাইয়ে মানচিনির অধীনে ওয়েম্বলিতে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে উয়েফা ইউরো কাপের শিরোপা জেতে ইতালি। এই ইতালিয়ান কোচের অধীনে টানা ৩৭ ম্যাচ জিতে বিশ্ব রেকর্ডও গড়ে আজ্জুরিরা। ইতালিকে ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট এনে দিয়ে ফিফার বর্ষসেরা কোচের লড়াইয়ে জায়গা করে নিয়েছেন মানচিনি।

অন্যদিকে চেলসিতে ফ্রাঙ্ক ল্যাম্পার্ড বরখাস্ত হওয়ার পর স্টামফোর্ড ব্রিজে আসেন টুখেল। তার অধীনে ফর্মের তলানিতে থাকা ব্লুজরা ঘুরে দাঁড়ায়। গত বছরের মে মাসে চেলসিকে চ্যাম্পিয়নস লিগের শিরোপাও জেতান এই জার্মান কোচ।

গার্দিওলার অধীনে ২০২০-২১ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধার করে ম্যানচেস্টার সিটি। সিটিজেনরা প্রথমবারের মতো খেলে চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও। দলকে গুরুত্বপূর্ণ শিরোপা জেতানোয় প্রিমিয়ার লিগের এই দুই কোচ জায়গা করে নিয়েছেন ফিফার বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায়।

আগামী ১৭ জানুয়ারি জুরিখে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে সেরা কোচের নাম ঘোষণা করা হবে। ৭ জানুয়ারি জানানো হবে পুরুষ ও নারী ফুটবলে বর্ষসেরার লড়াইয়ের তালিকায় থাকা খেলোয়াড়দের নাম।