অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টের জন্য কেন্টের উইকেটরক্ষক স্যাম বিলিংসকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে ইংল্যান্ড।
অস্ট্রেলিয়া সফরে চোট বেশ ভোগাচ্ছে ইংলিশদের। তার মধ্যে প্রথম তিন টেস্ট জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে অজিরা। বর্তমানে সিডনিতে চতুর্থ টেস্টে লড়াই করছে ইংল্যান্ড।
চোটের কারণে হোবার্টে দিবারাত্রির টেস্টে বেশ কয়েকজন খেলোয়াড়কে পাওয়া নিয়ে সংশয় রয়েছে সফরকারীদের। হাতের চোটে পড়েছেন উইকেটরক্ষক জস বাটলার। বৃদ্ধাঙ্গুলে চোট পেয়েছেন আরেক উইকেটরক্ষক-ব্যাটার জনি বেয়ারস্টো।
তবে চোট নিয়েও সিডনি টেস্টে ইংলিশদের হয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। অপরাজিত ১০৩ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছেন বেয়ারস্টো।
এদিকে, চোটে ভুগছেন অলরাউন্ডার বেন স্টোকসও। বোলিংয়ের সময় চোট পেলেও সিডনি টেস্টে দলের প্রয়োজনে দুর্দান্ত লড়াই করেছেন তিনি।
ইংল্যান্ডের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এখনো টেস্টে অভিষেক হয়নি বিলিংসের। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ খেলছেন।
অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্ট শুরু হবে ১৪ জানুয়ারি। হোবার্ট টেস্টে বাটলার-বেয়ারস্টো না থাকলে বিলিংসের হাতে উঠতে পারে গ্লাভস।