ফেনীর সাবেক সাংসদ, মুক্তিযোদ্ধা জয়নাল হাজারীর কবরের ওপর রাখা এক ভক্তের চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার জয়নাল হাজারীর অনুসারী-কর্মীদের ফেসবুক আইডি/পেজে এটি ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।
নিজের নাম প্রকাশ না করে চিঠিতে ওই ভক্ত লিখেছেন, ‘আমাকে ক্ষমা করে দিবেন, হে বীর নেতা যাদের ভয়ে ২০টি বছর আপনার সাথে দেখা করতে পারিনি। মৃত্যুর পরও তাদের বৃত্তের কারণে ভালো করে আপনার মুখ খানা দেখতে পারিনি। ইতি আপনার ভক্ত!’
উল্লেখ্য গত ২৭ ডিসেম্বর সাবেক এমপি জয়নাল হাজারী মৃত্যুবরণ করেন। পরদিন ফেনীর মুজিব উদ্যানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। দলীয় কোন্দলের কারণে তিনি দীর্ঘদিন ফেনীর বাইরে ছিলেন। দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য হয়েও তিনি নেতা কর্মীদের মাঝে ফিরতে পারেননি। অনেক ভক্ত অনুসারী আমৃত্যু তাকেই ফেনীর কান্ডারি মনে করতেন। তিনি দীর্ঘদিন জেলা আ. লীগের সাধারণ সম্পাদক ও ফেনী সদরের তিনবারের নির্বাচিত সাংসদ ছিলেন।