হানিমুনে মালদ্বীপ যাচ্ছেন মিম
হানিমুনে মালদ্বীপ যাচ্ছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ১১ জানুয়ারি হানিমুনের উদ্দেশে ঢাকা ছাড়বেন এই লাক্সতারকা। জানান, চার দিনের জন্য স্বামী সনি পোদ্দারকে নিয়ে ছোট ছোট দ্বীপের সমন্বয়ে সাজানো দেশ মালদ্বীপ যাবেন। মিম বলেন, পৃথিবীর অনেক দেশ ঘুরেছি কিন্তু কখনো মালদ্বীপ যাওয়া হয়নি। দেশটার প্রতি আমার একটা আগ্রহ আছে। তাই আমাদের হানিমুনের প্রসঙ্গ যখন আসে, তখন দুজন মিলে মালদ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নিই। তবে মিম-সনির হানিমুনে যাওয়ার দিনক্ষণ ঠিক হলেও করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে বিষয়টি। কেননা করোনা পরিস্থিতি আরও খারাপ হলে হয়তো মধুচন্দ্রিমার এ যাত্রা বাতিল হতে পারে। মিম বলেন, মালদ্বীপ সম্পর্কে ছবিতে দেখেছি, বইয়ে পড়েছি। সেখানকার সমুদ্রের রং খুবই পরিষ্কার, পানির রং নীল, বালুর রং সাদা। ছোট ছোট দ্বীপ যেন নানান রঙের মাছের অ্যাকুয়ারিয়াম। ট্যুরিস্টদের অশান্ত মনকেও নাকি শান্ত করে দেয়। গত ১০ নভেম্বর জন্মদিনে বাগদান সারেন মিম। তার স্বামী সনি পোদ্দার ব্যাংকার। ছয় বছর পরিচয়ের পর তাদের পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়েছে ৪ জানুয়ারি। তার আগের দিন গায়েহলুদ। মিমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে।
শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন
আসন্ন বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হবেন ইলিয়াস কাঞ্চন। ৬ জানুয়ারি রাতে এই তথ্য নিশ্চিত করেছেন এ নন্দিত অভিনেতা। তিনি বলেন, ‘ইন্ডাস্ট্রি ও শিল্পীদের স্বার্থে সিদ্ধান্ত নিয়েছি আমি সভাপতি পদে নির্বাচনে যাব।’
অভিনেত্রী নিপুণকে সেক্রেটারি করে প্যানেল হবে কাঞ্চন-নিপুণ। এখানে সহ-সভাপতি পদে দেখা যাবে দুই জনপ্রিয় নায়ক রিয়াজ ও ফেরদৌসকে। এ প্রজন্মের নায়ক সাইমন সাদিক জয়েন্ট সেক্রেটারি পদে নির্বাচন করবেন বলে জানা গেছে। আরও থাকবেন নায়ক ইমনসহ নানা প্রজন্মের তারকারা।
নিজের নির্বাচনের কথা জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘২০২২-২৩ সালের শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করব। আমার সঙ্গে নিপুণ সেক্রেটারি পদে নির্বাচন করবে। এ ছাড়া রিয়াজ, ফেরদৌস, সাইমন, ইমন থাকবে। তারা কে কোন পদে নির্বাচন করবে সেটি এখনো ঠিক হয়নি। তবে আমাদের প্যানেলে থাকবে।’
ফাইট ডিরেক্টর, নৃত্যপরিচালক, চিত্রপরিচালক, প্রযোজক ইন্ডাস্ট্রির প্রকৃত কাজের মানুষরাও আমাদের প্যানেলকে সমর্থন দিচ্ছেন। তারা মন থেকে চাইছেন আমি নির্বাচন করি। এটাই আমাকে শক্তি জোগাচ্ছে। শিল্পীদের জন্য কিছু করতে চাই।’
উল্লেখ্য, এর আগে ১৯৮৯-৯০ সালের নির্বাচনে সেক্রেটারি ছিলেন ইলিয়াস কাঞ্চন। কাঞ্চন-নিপুণের বিপরীতে আরেকটি প্যানেলের নেতৃত্ব দেবেন গত কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান।
শিল্পী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন। দুজন সদস্য হলেন বি এইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে আপিল বোর্ডের সদস্য করা হয়েছে।
১০ বছর পর ফেরদৌস ওয়াহিদ-ন্যানসি
প্রায় দশ বছর পর ফেরদৌস ওয়াহিদ ও ন্যানসি আবার জুটি বেঁধে গাইলেন। গানটির সুর ও সংগীত করেছেন ফেরদৌস ওয়াহিদ নিজেই। মূলত বাংলাদেশ লাং ফাউন্ডেশনের (বিএলএফ) জন্য থিম সং গেয়েছেন তারা। গানটি লিখেছেন ডা. কাজী বেন্নূর। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. শাকুর। এর কথাগুলো এমন নির্মল নিঃশ্বাসে, অনাবিল আশ্বাসে, প্রাণময় সুস্থ জীবন/ এই ব্রত বুকে নিয়ে, অবিরত পথ চলে বাংলাদেশ লাং ফাউন্ডেশন।
ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘গানটির কাজ কেমন হয়েছে তা শ্রোতারা বলবেন। তবে লাং ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে, তা অতুলনীয়। তাদের উদ্যোগে নিজেকে শামিল করতে পেরে ভালো লাগছে।’
জানা যায়, ৫ জানুয়ারি গ্রিন রোডের একটি স্টুডিওতে থিম সংটির কাজ হয়েছে; যা ভিডিও আকারে শিগগিরই সামনে আসব।
অপূর্ব-পায়েলের নতুন নাটক
বয়স কোনো ব্যাপার না এটা বেশ পুরোনো কথা। যদিও সে কথাটি নতুন করে এবার সামনে আনছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। জাকারিয়া শৌখিনের চিত্রনাট্য ও পরিচালনায় বিশেষ এই নাটকের নাম ‘বয়স কোনও ব্যাপার না’। এতে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন কেয়া পায়েল। যেখানে দুজনকে দেখা যাবে সদ্য বিবাহিত স্বামী-স্ত্রীর চরিত্রে। ‘বয়স কোনও ব্যাপার না’ সিএমভির ইউটিউবে মুক্তি পাচ্ছে শিগগিরই।