ফিফার বর্ষসেরার দৌড়ে মেসি, বাদ রোনালদো-নেইমার

ফিফার বর্ষসেরা ফুটবলারের দৌড় থেকে ছিটকে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার। তিনজনের সংক্ষিপ্ত তালিকায় লিওনেল মেসির সঙ্গে আছেন মোহামেদ সালাহ ও রবার্ট লেভানদোভস্কি।

নারী ফুটবলারদের মধ্যে বর্ষসেরার দৌড়ে আছেন চেলসি স্ট্রাইকার স্যাম কের। বর্ষসেরা ফুটবলার ছাড়াও কোচ, গোলরক্ষক ও সেরা গোল মিলিয়ে মোট সাত ক্যাটাগরিতে দেওয়া হবে পুরস্কার।

বছরের আরেক সেরার স্বীকৃতি ব্যালন ডি’অর আগেই জিতেছেন মেসি। এবার ফিফার বর্ষসেরার দৌড়েও আছেন পিএসজি ফরোয়ার্ড। গত নভেম্বরের শেষদিকে লেভানদোভস্কি ও জর্জিনহোকে হারিয়ে রেকর্ড সপ্তম ব্যালন ডি’অর জেতেন মেসি। এবার তার সামনে সুযোগ সপ্তমবারের মতো ফিফার বর্ষসেরা পুরস্কার জেতার।

তবে তার জন্য মেসিকে এবার পেছনে ফেলতে হবে সালাহ ও লেভাকে। ১৬ গোল নিয়ে চলতি প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন সালাহ। গত মৌসুমে এই তালিকায় শীর্ষে থাকা হ্যারি কেনের পরের স্থানে ছিলেন লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড। অন্যদিকে, ফিফার গতবারের বর্ষসেরা হয়েছিলেন লেভানদোভস্কি।

ফিফা পুসকাস অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় আছেন টটেনহামের এরিক লামেলা। গত মার্চে আর্সেনালের বিপক্ষে লন্ডন ডার্বিতে চোখ ধাঁধানো গোলটি করেন তিনি।

ফিফার বর্ষসেরা ফুটবলার জয়ীর নাম ঘোষণা করা হবে ১৭ জানুয়ারি, জুরিখে।

বর্ষসেরা নারী ফুটবলার

জেনিফার হারমোসো (স্পেন/বার্সেলোনা), স্যাম কের (অস্ট্রেলিয়া/চেলসি), আলেক্সিয়া পুতেলাস (স্পেন/বার্সেলোনা)

বর্ষসেরা পুরুষ ফুটবলার

লিওনেল মেসি (পিএসজি/আর্জেন্টিনা), মোহামেদ সালাহ (লিভারপুল/মিশর), রবার্ট লেভানদোভস্কি (বায়ার্ন মিউনিখ/পোল্যান্ড)

বর্ষসেরা কোচ

পেপ গার্দিওলা (স্পেন/ম্যানচেস্টার সিটি), রবের্তো মানচিনি (ইতালি/ইতালি জাতীয় দল), টমাস টুখেল (জার্মানি/চেলসি)

সেরা গোলরক্ষক

জিয়ানলুইজি দোনারুম্মা (ইতালি/এসি মিলান/পিএসজি), এদুয়ার্দ মেন্দি (সেনেগাল/চেলসি), ম্যানুয়েল নয়্যার (জার্মানি/বায়ার্ন মিউনিখ)

ফিফা পুসকাস অ্যাওয়ার্ড

এরিক লামেলা-টটেনহাম (বনাম আর্সেনাল, ১৪ মার্চ), প্যাট্রিক শিখ-চেক প্রজাতন্ত্র (বনাম স্কটল্যান্ড, ১৪ জুন), মেহদি তারেমি- পোর্তো (বনাম চেলসি, ১৩ এপ্রিল)