বলা যায়, পেসারদের জন্য ‘স্বর্গভূমি’ ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের উইকেট। যেকোনো ব্যাটারদের জন্যে এখানে ব্যাট করা কঠিন বটে।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে ক্রাইস্টচার্চে। এই টেস্টে টাইগারদের জন্য হুমকি হয়ে উঠতে পারেন কিউই পেসাররা।
তবে সবুজ উইকেটের সুবিধা নিতে পারলে লাভবান হতে পারবেন বাংলাদেশি পেসাররাও। মাউন্ট মঙ্গানুইতে সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের জয় এনে দিয়েছিলেন পেসাররাই।
তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলামরা ক্রাইস্টচার্চ টেস্টেও জয় এনে দেওয়ার যোগ্যতা রাখেন বলে মনে করেন রাসেল ডমিঙ্গো।
দ্বিতীয় ও শেষ টেস্টের আগে সবুজ পিচ নিয়ে স্বাগতিকদের উল্টো হুমকি দিলেন বাংলাদেশের কোচ, ‘আমি এখনো পিচ দেখিনি। ডানেডিন, ওয়েলিংটন ও হ্যামিল্টনে গেলেও ক্রাইস্টচার্চে কোনো টেস্টের জন্য আমার আড়ে আসা হয়নি। এই উইকেটে পেসাররা অনেক সুবিধা পায়। এটা আমাদেরও সুবিধা দেবে।’
নিজের দলের পেসারদের ওপর আস্থাও রাখছেন ডমিঙ্গো, ‘আমাদের বেশ কয়েকজন মানসম্পন্ন পেসার আছে। খুব কম সময় বাংলাদেশ সবুজ উইকেটে সুবিধা নেওয়ার কথা ভাবতে পারে। আমাদের তিন পেসার অনেক উঁচু মানের। শুরুতে বোলিং করতে পারলে আশা করি তাদের (নিউজিল্যান্ড) ঘায়েল করতে পারব।’