সিডনি টেস্ট দিয়ে রাজসিক প্রত্যাবর্তন হলো উসমান খাজার। ২৮ মাস পর দলে ফিরেই ব্যাক টু ব্যাক সেঞ্চুরি পেলেন ৩৫ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটার।
অ্যাশেজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করলেন খাজা। তার ব্যাটে ভর করে ইংল্যান্ডকে ৩৮৮ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া।
৬ উইকেটে ২৬৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকেরা। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ঘোষণা করেছিল ৮ উইকেটে ৪১৬ রান নিয়ে।
তার আগে প্রথম ইনিংসে ৭ উইকেটে ২৫৮ রান নিয়ে চতুর্থদিন দিন শুরু করে ইংল্যান্ড। তবে এরপর বেশিদূর এগোতে পারেনি সফরকারীরা। ২৯৪ রানে থামে ইংল্যান্ডের প্রথম ইনিংস। আগেরদিনের অপরাজিত সেঞ্চুরিয়ান জনি বেয়ারস্টো ১১৩ রান করে সাজঘরে ফেরেন।
এরপর দ্বিতীয় ইনিংস শুরু করে ওয়ানডে মেজাজে রান তুলতে থাকে অজিরা। দলীয় ৮৬ রানে ৪ উইকেট হারালেও ক্যামরুন গ্রিনের সঙ্গে ১৭৯ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে বড় লক্ষ্য এনে দেন খাজা।
এই জুটি গড়ার পথে টেস্টে ১০ম সেঞ্চুরি উদ্যাপন করেন তিনি। খাজার ১৩৮ বলে অপরাজিত ১০১ রানের ইনিংসটি সাজানো ছিল ৭ চার ও ১ ছয়ে। প্রথম ইনিংসে ১৩৭ রানের ইনিংস খেলেন তিনি।
তবে হ্যাটট্রিকের সুযোগ পেয়েও এই ইনিংসে তা পূরণ করতে পারেননি জ্যাক লিচ। ইংলিশ স্পিনারের পরপর দুই বলে গ্রিন (৭৪) ও ওলি পোপ (০) সাজঘরে ফিরলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ইংলিশদের হয়ে ৪ উইকেট নিয়েছেন লিচ। ২ উইকেট পেয়েছেন মার্ক উড।
চতুর্থদিনে দ্বিতীয় ইনিংস শুরু করে ১১ ওভার ব্যাট করেছে ইংল্যান্ড। তাতে সফরকারীদের সংগ্রহ বিনা উইকেটে ৩০ রান। ইংলিশরা সিডনি টেস্টের পঞ্চম ও শেষদিন শুরু করবে ৩৫৮ রানে পিছিয়ে থেকে।