এক ঝলকে

সিডনি পোয়েটিয়ার আর নেই

চলে গেলেন হলিউড অভিনেতা সিডনি পোয়েটিয়ার। তার বয়স হয়েছিল ৯৪ বছর। পোয়েটিয়ার হলেন প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেতা যিনি অস্কার পুরস্কার পেয়েছিলেন। ১৯৬৩ সালে অস্কারে প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেতা হিসেবে পুরস্কার জয় করেছিলেন পোয়েটিয়ার। সিনেমার নাম ছিল ‘লিলিজ অফ দ্য ফিল্ড’। মার্কিন এবং বাহমিয়ার নাগরিক ছিলেন সিডনি পোয়েটিয়ার। পঞ্চাশ ও ষাটের দশকে যখন গোটা মার্কিন মুলুক জুড়ে বর্ণবৈষম্যকে কেন্দ্র করে আন্দোলন শুরু হয়েছিল, সমাজের সেই চিত্র রুপালী পর্দায় তুলে ধরে সাফল্যের শীর্ষে উঠেছিলেন অভিনেতা। ১৯৬৭ সালে তার জোড়া ক্লাসিক সিনেমা ‘গেস, হু ইজ কামিং টু ডিনার’ এবং ‘ইন দ্য হিট অফ দ্য নাইট’ দর্শকদের মনে এখনো দাগ কেটে আছে। টেলিভিশনেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার চরিত্র ফুটিয়ে তুলেছিলেন। পাশাপাশি প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন বিচারপতি থারগুড মার্শালের চরিত্রেও তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল। ২০০৯ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘মেডল অফ ফ্রিডম’-এ সম্মানিত করেন।

এবার আক্রান্ত মিথিলা ও ঋতুপর্ণা

টলিউডে আবার শুরু হয়েছে করোনা ঝড়! নতুন বছরের প্রথম দিনেই নির্মাতা সৃজিত মুখার্জির আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। তখন মেয়ে আয়রাকে নিয়ে স্বামীর থেকে আলাদা ঘরে অবস্থান করছিলেন ঢাকার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। কিন্তু শেষ রক্ষা হলো না। তার ও আয়রার কভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন এই তারকা। তবে এরমধ্যে স্বামী ও সন্তানের জ্বর কমেছে বলে জানান। মিথিলা বলেন, ‘প্রথমে একবার রিপোর্ট নেগেটিভ এলেও আমার মধ্যে করোনার লক্ষণ দেখে গত বৃহস্পতিবার আবারও নমুনা পরীক্ষা করালে শুক্রবার বিকেলে পজিটিভ রিপোর্ট আসে।’ মিথিলা জানান, এখন অল্প কাশি ও ঠা-া আছে। এছাড়া তিনি আর কোনো সমস্যা অনুভব করছেন না। বর্তমানে তারা কলকাতায় নিজেদের বাসাতেই আছেন। বললেন, ‘দোয়া করবেন, যেন দ্রুত সেরে উঠতে পারি।’

অন্যদিকে, জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত দ্বিতীয়বারের মতো আক্রান্ত হয়েছেন। একা নন, তার পুরো পরিবারই এই ভাইরাসে আক্রান্ত। দার্জিলিংয়ে পরিচালক অতনু বসুর ‘অচেনা উত্তম’-এর শ্যুটিং করতে গিয়েছিলেন তিনি। শীতের দার্জিলিং উপভোগ করার জন্য সঙ্গে নিয়েছেন স্বামী সঞ্জয়সহ পরিবারের সবাইকে। গণমাধ্যমকে অভিনেত্রী বললেন, ‘দার্জিলিং থেকে ফিরে বিজ্ঞাপনের কাজ ছিল। তার পরেই ঠান্ডাটা লাগে। পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়ে। আমরা বাড়ির সবচেয়ে উঁচু তলায় নিজেদের বন্দি করে রেখেছি এখন।’ গত ক’দিনে টলিউডে করোনা পজেটিভ হওয়ার খবর আসে রাজ চক্রবর্তী-শুভশ্রী গাঙ্গুলি দম্পতি, মিমি চক্রবর্তী, দেব-রু´িণী জুটি, ঋদ্ধি সেন, রুদ্রনীল ঘোষ, শ্রীজাত, শ্রীলেখা মিত্র, সোহম ও বনি সেনগুপ্তর।

আজ মঞ্চে খোয়াবনামা

প্রখ্যাত কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঞ্চস্থ হবে তার বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত নাটক ‘খোয়াবনামা’। জনপ্রিয় নাট্যদল প্রাচ্যনাটের ৩৭তম  এই প্রযোজনাটি সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে। নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন। নাট্যরূপ দিয়েছেন মো. শওকত হোসেন সজীব। অভিনয় করেছেন সানজিদা প্রীতি, সাখাওয়াত হোসেন রিজভী, মনিরুল ইসলাম রুবেল, চেতনা রহমান ভাষা, শশাংক সাহা, সোহেল রানা, মিতুল রহমান, সোহেল রানা, তানজি কুন, সাইদুর রহমান শাহীন, শ্রাবণ শামীম প্রমুখ। গানের সুর করেছেন রাহুল আনন্দ, সংগীতায়োজনে নীল কামরুল আর কোরিওগ্রাফি করেছেন স্নাতা শাহরিন, মঞ্চসজ্জায় এবি এস জেম এবং আলোক ভাবনায় আছেন ঠা-ু রায়হান। সাতচল্লিশের দেশভাগের পটভূমিতে তৎকালীন জনমানুষের বিস্তৃত জীবন আখ্যান ‘খোয়াবনামা’। এই গল্পের মধ্য দিয়ে সময়ের জীবন ও বাস্তবতাকে ঔপন্যাসিক তুলে ধরেছেন নিপুণ হাতে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওয়ারিশ ব্রিটিশের ডান্ডা উঠে আসে দেশি সাহেবদের হাতে। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।