কয়েক দিন আগে দিল্লি পুলিশের জালে ধরা পড়েছিল মুসলিম নারীদের ‘নিলাম’ করার অ্যাপ বুল্লি বাইয়ের নির্মাতা। এর আগে বিতর্কের ঝড় তোলা অন্য অ্যাপ ‘সুল্লি ডিলস’-এর মাস্টারমাইন্ডও আটক হয়েছে এবার।
‘সুল্লি ডিলস’ নামক ওই অ্যাপেও মুসলিম মেয়েদের বিকৃত ছবি আপলোড করে ‘নিলামে’র বিজ্ঞাপন দেওয়া হতো। সেই অ্যাপের নির্মাতা গ্রেপ্তার হয়েছে মধ্যপ্রদেশের ইন্দোরের থেকে। দিল্লি পুলিশের স্পেশাল সেল তাকে আটক করে।
হিন্দুস্তান টাইমস জানায়, আটক ব্যক্তির নাম ওমকারেশ্বর ঠাকুর। ২৫ বছর বয়সের এ যুবক টুইটারে সে ট্রাড নামক একটি গ্রুপের সদস্য। এই গ্রুপের মূল উদ্দেশ্য মুসলিম নারীদের অপমানিত করা।
২০২০ সালে ওই গ্রুপে যোগ দেয় ওমকারেশ্বর। এরপর গিটহাবে সুল্লি ডিলস নামক অ্যাপটি ডেভেলপ করে। এরপর বিতর্ক শুরু হলে ওমকারেশ্বর নিজের সব সোশ্যাল মিডিয়া ফুটপ্রিন্ট মুছে ফেলে। আরও তথ্য জানতে ওমকারেশ্বরকে জেরা করা হচ্ছে।
সুল্লি শব্দটি একটি মানহানিকর হিন্দি স্ল্যাং যা ভারতের ডানপন্থী হিন্দু সংগঠনগুলো মুসলমান নারীদের ট্রল করার জন্য ব্যবহার করে। এ বিষয়ে অভিযোগ দায়ের হয় প্রায় ছয় মাস আগে।
সম্প্রতি বিতর্ক শুরু হয় বুল্লি বাই অ্যাপ ঘিরে। দিল্লির এক নারী সাংবাদিক অভিযোগ দায়ের করলে বিষয়টি সামনে আসে। অ্যাপটিতে সাংবাদিকের সম্মতি ছাড়াই তার বিকৃত ছবি আপলোড করা হয়েছিল।
বুল্লি বাই অ্যাপে আদতে মুসলিম মহিলাদের টার্গেট করা হতো। এক ভার্চুয়াল নিলামে তাদের ছবি রাখা হতো। আর সেই নিলামে যাতে পুরুষেরা আগ্রহী হন, তার চেষ্টা করা হতো। এদিকে এই অ্যাপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম ময়দানে নামে। আসাম থেকে গ্রেপ্তার করা হয় ওই অ্যাপের মাস্টারমাইন্ড নীরজ বিষ্ণোইকে। এই কাণ্ডে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।