চাচাতো ভাইদের কাছে জুতা ধার চেয়েও পাননি বাবর

পাকিস্তানের ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে বড় তারকার নাম বাবর আজম। তিন ফরম্যাটেই দেশকে নেতৃত্ব দিচ্ছেন। ব্যাট হাতেও দারুণ ধারাবাহিক এই ২৭ বছর বয়সী ক্রিকেটার। কিছুদিন আগে যিনি নিজ দেশের কিংবদন্তি ইনজামাম উল হককে দেওয়া সাক্ষাৎকারে ক্রিকেটের শুরুর দিনগুলোর গল্প বলেছেন। জানিয়েছেন, এত দূর আসতে কতটা চ্যালেঞ্জ তাকে জয় করতে হয়েছে।

বাবর যখন অনূর্ধ্ব-১৫ দলে সুযোগ পান, সেই সময়ের একটি ঘটনার স্মৃতিচারণ করেন ইনজামামের সঙ্গে। বাবর বলেন, প্র্যাকটিসের জন্য তার স্পোর্টস সু প্রয়োজন ছিল। কিন্তু চাচাতো ভাইদের কাছে চাইলেও তা পাননি।

বাবর বলেন, ‘আমি আমার কাজিনকে বলেছিলাম জগার্স ধার দিতে, যদি তার কাছে থাকে। কিন্তু সে প্রত্যাখ্যান করে বলেছিল তার কাছে নেই।’

২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বাবরের। এর বেশ আগেই পাকিস্তান দলে নাম লেখান বাবরের তিন চাচাতো ভাই- কামরান আকমল, আদনান আকমল ও উমর আকমল। বাবর যদিও তাদের কারো নাম উল্লেখ করেননি।

তবে জিও নিউজের প্রতিবেদন, বাবর বলেছেন ওই ঘটনা তার মধ্যে উপলব্ধির জন্ম দেয় যে তিনি আরো অনুগ্রহ আশা করতে পারেন না। ‘আমি বুঝতে পেরেছিলাম যে আমার এই কথা বলা উচিত হয়নি। আমার জুতা চাওয়া উচিত হয়নি।’- বলেন বাবর।

ওই ঘটনা তাকে নিজে থেকে সবকিছু অর্জন করতে শিখিয়েছে বলে জানান বাবর, ‘আমি সিদ্ধান্ত নেই যে, আমি যদি কিছু পেতে চাই, এটা আমাকেই উপার্জন করতে হবে।’

বাবরের বাবা আজম সিদ্দিকি ইনস্টাগ্রামে এ বিষয়ে একটি পোষ্ট করেছেন। তিনি সতর্কভাবেই লিখেছেন, তার ছেলে আসলে কি বোঝাতে চেয়েছেন।

আজম সিদ্দিকি লিখেন, বাবরের শেয়ার করা ঘটনা ভাইরাল করা হচ্ছে, তবে সেটা মোটেও গর্ব করার মতো কিছু না।

বাবরের বাবা লিখেন, ‘একজন শিশু চেয়েছিল (জগার্স), অন্যজনের কাছে হয়তো সেটা ছিল না বা সে দেয়নি। এটা তেমন বড় কিছু ছিল না।’

তবে নিজের আত্মসম্মান নিয়ে যে মন্তব্য করেছেন বাবর, তা সত্য বলে জানান বাবরের বাবা। অনেক স্পন্সর থাকা স্বত্বেও সেই স্পন্সর প্রতিষ্ঠানের কাছ থেকে নিজের বা ভাইদের বা চাচাত ভাইদের জন্য কিছু চাননা বাবর।

বাবরের বাবার কথায়, ‘সেটা ব্যাট, হ্যালমেট, জুতা এবং ট্র্যাকসুট হোক, নিজের যা প্রয়োজন, ততটুকুই অর্ডার দেন বাবর।’