ক্ষমায় ক্ষমা মেলে

কিয়ামতের দিন বান্দার সবচেয়ে বড় প্রয়োজন- করুণাময় আল্লাহতয়ালার ক্ষমা। মহান আল্লাহ যদি মাফ করে দেন, বান্দার আর কোনো চিন্তা-ভাবনা নেই। তো বিশেষ কী আমল করলে বান্দা কাল কিয়ামতের কঠিন মুহূর্তে রাব্বে কারিমের ক্ষমা লাভ করতে পারে? কত আমলের কথাই তো আমরা জানি, কত আমলই তো আমরা করি; যাতে ক্ষমা পাই রাব্বে কারীমের! কিন্তু কোন আমলটি সবচেয়ে উত্তম, যার মাধ্যমে ক্ষমা লাভের আশা প্রবল?

হ্যাঁ, একটি অতি কার্যকর আমল আছে যার মাধ্যমে আশা করা যায়; বান্দাকে আল্লাহতায়ালা ক্ষমা করে দেবেন। আরবিতে একটি কথা আছে, ‘আল জাজাউ মিন জিনসিল আমাল’ অর্থাৎ ‘কর্ম যা, প্রতিদানও তার মাধ্যমে।’ মানুষের জীবনেও বিষয়টি দেখা যায়।

সুতরাং ক্ষমা করাই ক্ষমা লাভের সবচেয়ে শ্রেষ্ঠ ও কার্যকরী উপায়। আমি যদি মানুষকে ক্ষমা করে দেই, তো আশা করা যায় এর প্রতিদানস্বরূপ আল্লাহতায়ালা আমাকে ক্ষমা করে দেবেন।

কোরআনে কারিমে আল্লাহতায়ালা তার ক্ষমার প্রতি ধাবিত হওয়ার আহ্বান করেছেন। সেখানে ক্ষমা লাভকারীদের যে গুণাবলি উল্লেখ করা হয়েছে তার অন্যতম প্রধান হলো, মানুষকে ক্ষমা করে দেওয়া। ইরশাদ হয়েছে, ‘তোমরা ধাবমান হও স্বীয় প্রতিপালকের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে, যার বিস্তৃতি আসমান ও জমিনের ন্যায়। যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য; যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে এবং যারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল। আল্লাহ সৎকর্মপরায়ণদের ভালোবাসেন।’ সুরা আলে ইমরান : ১৩৩-১৩৪

হাদিস শরিফে ইরশাদ হয়েছে, ‘তোমরা (অন্যের প্রতি) দয়া করো, তোমাদের প্রতি দয়া করা হবে। তোমরা (অন্যকে) ক্ষমা করো, তোমাদের ক্ষমা করা হবে।’ মুসনাদে আহমাদ : ৭০৪১