মেহেরপুরের গাংনী পৌর শহরের ভিটাপাড়ার ইটভাটা ব্যবসায়ী রেজাউল হক খোকন হত্যা মামলায় ছয়জনকে বেকসুর খালাস এবং ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা রায় প্রদান করেছে আদালত। জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।
গতকাল রবিবার দুপুরের দিকে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন রফিকুল ইসলাম, মাহামুদ হাসান ওরফে রিপন ওরফে রবিনহুড, আবদুল জব্বার, বিল্লাল হোসেন, আবদুল কাদের ও হোসেন আলী ওরফে পিচ্চি হোসেন।
মামলার বিবরণে জানা গেছে- ২০১১ সালোর ১৯ অক্টোবর সন্ধ্যার দিকে গাংনী উপজেলার ভিটাপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে রেজাউল হক খোকন নিজের নতুন ইটভাটার কাজ শুরু করার জন্য মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হন। পরে রাতে বাড়ি ফিরতে দেরি হলে তাকে খোঁজাখুঁজি করার পর অন্য একটি ইটভাটার কাছে একটি মেহগনি গাছে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।
অপরদিকে, খুলনায় মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানাসহ অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল রবিবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন যশোরের বাগআচড়া এলাকার মোবারক হোসেনের ছেলে সুজন কবীর (২৭) ও একই এলাকার আনসার আলীর ছেলে আজিজুল ইসলাম (২৮)। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ২১ মে রাতে খানজাহান আলী থানার সিটি টোলপ্লাজার সামনের চেকপোস্টে একটি গাড়িতে বিশেষভাবে বহনের সময় ২৩২ বোতল ফেনসিডিল উদ্ধার ও দুজনকে আটক করে পুলিশ।