উখিয়ার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নের বালুখালীতে মাদক কারবারিদের সঙ্গে র্যাবের গোলাগুলির ঘটনা ঘটেছে।
এ সময় ঘটনাস্থল থেকে পাঁচ লাখ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়।
রবিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-১৫ কমান্ডার মেজর শেখ ইউসূফ আহমেদ।
আটক যুবক সৈয়দ হোসেনকে সকালে উখিয়া থানায় সোপর্দ করা হয় বলে ডিউটি অফিসার জানিয়েছেন।
র্যাব জানায়, রবিবার রাতে ইয়াবার একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করবে এমন খবরে বালুখালী ব্রিজ এলাকায় অবস্থান নেয় র্যাব সদস্যরা।
এ সময় একদল মাদক কারবারিকে দেখে তাদের থামার সংকেত দিলে তারা গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে র্যাবও গুলি চালায়। ২১ রাউন্ড গোলাগুলির পর একজনকে আটক করা হয়। পরে ওই এলাকা তল্লাশি করে বস্তাবন্দী অবস্থায় ৫ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।