চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪৩ হাজার ৭৭০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত নিবন্ধনহীন একটি সিএনজিচালিত অটোরিকশাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
র্যাবের দাবি,উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা।
আটককৃতরা হলেন-কক্সবাজারের উখিয়া উপজেলার মহুরীপাড়া এলাকার ফাইজুল হকের ছেলে শফি আলম (৩৬) ও কক্সবাজার সদরের নয়াপাড়া এলাকার মৃত আবদুল মজিদের ছেলে আবদুর রহিম (৪৭)।
র্যাব-৭ জানায়,কয়েকজন মাদক কারবারি সিএনজিচালিত অটোরিকশায় ইয়াবা নিয়ে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম শহরের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আনোয়ারা উপজেলার কালা বিবি দিঘীর মোড়ে চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানোর সময় একটি সবুজ রঙের নিবন্ধনহীন সিএনজিচালিত অটোরিকশা থামানো হয়। র্যাবের সদস্যরা তল্লাশি শুরু করলে ওই অটোরিকশায় থাকা দুই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাদের আটক করা হয়।
র্যাবের ভাষ্য,আটকদের ব্যবহৃত সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতরের এক পাশে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২২টি বান্ডেল পাওয়া যায়। এসব বান্ডেল থেকে মোট ৪৩ হাজার ৭৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক ধারণা,আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার বিস্তারিত তথ্য তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
র্যাব-৭ জানিয়েছে,আটক দুইজনের বিরুদ্ধে উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আনোয়ারা থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন,আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজুর পর গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
উখিয়ায় ১ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩
ইয়াবা উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড