সম্প্রতি কন্যা সন্তানের বাবা হয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সঙ্গে পেয়েছেন নতুন পরিচয়ও। এখন তিনি ইলহামের বাবা। এই পরিচয়ে কেউ যখন তাকে সম্বোধন করেন তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন।
রবিবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এমনটাই জানালেন এই নির্মাতা।
ফারুকী লেখেন, ‘বাবা জীবন। গিয়েছিলাম আড়ংয়ে।
একজন ভদ্রমহিলা উনার ছেলেকে নিয়ে এসে অনুরোধ করলেন একটা ছবি তোলার জন্য। তো এই অনুরোধতো যথা কারনেই আমরা অনেক পাই। কিন্তু যে ব্যাপারটা আমার মন ভরে দিয়েছে, চোখে পানি প্রায় এনেই ফেলেছিল সেটা হলো উনার সম্বোধন।
উনি আমাকে সম্বোধন করেছিলেন "ইলহামের বাবা" বলে!
আহ! নাথিং মেড মি হ্যাপিয়ার দ্যান দিস।
একসময় আমি পরিচিত হয়েছিলাম "রব সাহেবের ছেলে" হিসাবে।
তারপর নিজের পরিচয়ে।
এখন ইলহামের বাবা হিসাবে।’
গত বুধবার রাতে ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা রাজধানীর একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন। তাদের সন্তানের নাম রেখেছেন ইলহাম নুসরাত ফারুকী।
২০১০ সালের ১৬ জুলাই বিয়েবন্ধনে জড়ান ফারুকী-তিশা। এরপর নিজ নিজ ক্যারিয়ার নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন তারা।