নরসিংদীতে সাবেক পৌর মেয়রের বাসায় দুর্ধর্ষ ডাকাতি

নরসিংদীতে ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি শরীফুল হকের বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ঘোড়াশাল পাইকসা এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে। এ সময় বাধা দিতে গেলে ডাকাতদলের এলোপাতাড়ি কোপে সাবেক মেয়র শরীফুল হক আহত হন।

মেয়রের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ভোর রাতে ৫ থেকে ৬ জনের একটি ডাকাত দল বাসার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের লোকজনদের জিম্মি করে ফেলে। ডাকাতরা বাসার জিনিসপত্র ভেঙে নগদ ১ লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

এ সময় বাধা দিতে গেলে ডাকাতদলের এলোপাতাড়ি কোপে সাবেক মেয়র শরীফুল হক মারাত্মকভাবে আহত হন।

আহতাবস্থায় সাবেক মেয়রকে প্রতিবেশীরা দ্রুত ঘোড়াশাল রৌশন জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, র‌্যাব-১১ ও পলাশ থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, ঘটনার বিষয়ে সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য কাজ করছে পুলিশ।