নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়ে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য (এমপি) শামীম ওসমান।
সোমবার দুপুরের পর নারায়ণগঞ্জ শহরের বাঁধন কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সংবাদ সম্মেলনকে ‘জীবনের সবচেয়ে কষ্টের’ সংবাদ সম্মেলন বলেও অভিহিত করেন তিনি।
এ সময় নারায়ণগঞ্জের নির্বাচনের পরিবেশ তুলে ধরে তিনি প্রশ্ন তোলেন, নির্বাচন এলে শামীম ওসমানই কেন বারবার ‘সাবজেক্ট’ হন?
এর উত্তরে ঠাট্টা করে তিনি বলেন, ‘আমি কেন সাবজেক্ট হই সব সময়। ব্যাপারটা গরিবের বউ, সবার ভাবির মতো।’
সংবাদ সম্মেলনে তিনি স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি আপনার মতো কথা বলতে থাকেন। তাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু হাতি দিয়া নৌকা ডুবাইবেন এই চিন্তা কইরেন না। এই নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি। আমার মনে হয় না, নারায়ণগঞ্জে বিএনপি-জামায়াতের ওই ক্ষমতা আছে যে নৌকাকে ডুবায়ে দেবে।’
নেতা কর্মীদের উদ্দেশ্যে স্থানীয় এমপি শামীম ওসমান বলেন, ‘হাতি সাইজে বড় হতে পারে; আমরা হাতি কাঁধে নিয়ে দৌড় দেব, কিন্তু নৌকার উপরে হাতিরে উঠতে দিয়েন না।’
নির্বাচনের প্রচার চলাকালে এভাবে সংবাদ সম্মেলনে আসার জন্য তিনি নির্বাচন কমিশনের কাছে ‘ক্ষমা’ চান।
নির্বাচনের প্রচারের সময় নিজে চুপ থাকলেও তা নিয়ে কথা হয় মন্তব্য করে শামীম ওসমান বলেন, ‘আমি সত্য বলতে পছন্দ করি। তবে এখানে সব সত্য বলতে পারব না। এ জন্য বিবেকের কাছে ক্ষমা চাচ্ছি। এই কয়েকদিন আমি চুপ ছিলাম। আমি চুপ থাকার কারণে অনেক ইস্যু তৈরি হয়। ইস্যু তৈরি হলে এতে দল ক্ষতিগ্রস্ত হয়। কেউ উল্টো পথে হেঁটে দলের ক্ষতি করছেন। আবার কেউ দলের সঙ্গে হেঁটে দলের ক্ষতি করছেন।’