ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্ট দিয়েই এই ফরম্যাটকে বিদায় জানাচ্ছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার রস টেইলর।
সোমবার ম্যাচের দ্বিতীয় দিন ব্যাট করতে নামেন টেইলর। এ সময় দর্শকদের অভিবাদন তো ছিলই, বিদায়ী অভ্যর্থনা পেয়েছেন টাইগারদের কাছ থেকেও। যা টেইলরকে ছুঁয়ে গেছে প্রবলভাবে।
পরে টেইলর বললেন, বাংলাদেশের কাছ থেকে পাওয়া সম্মান তার হৃদয়ে রয়ে যাবে সব সময়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বাংলাদেশ দলকে উদ্দেশ্য করে টেইলর লিখেন, ‘আজ ক্রিজে হেঁটে যাওয়ার পথে সত্যিকারের বিনম্র মুহূর্তের জন্য তোমাদের ধন্যবাদ বাংলাদেশ টাইগার্স। এটা এমন কিছু যা কোনো দিন ভুলব না।’
এই ইনিংসে ৪টি বাউন্ডারিতে ৩৯ বলে ২৮ রান করে বাংলাদেশের পেসার এবাদত হোসেনের বলে আউট হন টেইলর। নিউজিল্যান্ড যদি দ্বিতীয় ইনিংসে ব্যাট করে, তবে হয়তো আরো একবার সাদা পোশাকে ২২ গজে দেখা যাবে তাকে। আর দ্বিতীয় ইনিংসে ব্যাট না করলে এই ইনিংসটিই শেষ ইনিংস হয়ে থাকবে টেইলরের।