ফুটবল লিগ পিছিয়ে ৩ ফেব্রুয়ারি শুরু

প্রস্তাবিত ভেন্যু অপ্রস্তুত থাকায় ও জাতীয় দলকে অনুশীলনের সুযোগ করে দিতে শুরুর আগেই পিছিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। শুরুর কথা ছিল ফেডারেশন কাপের পরপরই। কিন্তু ফেডারেশন কাপ ফাইনালের এক দিন পর গতকাল জরুরি সভা করে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত লিগ শুরুর সময় পিছিয়ে দিয়েছে পেশাদার লিগ কমিটি।

মূল কারণ হিসেবে ২৪ ও ২৭ জানুয়ারি ইন্দোনেশিয়ায় দুটি প্রীতি ম্যাচের জন্য জাতীয় দলকে অনুশীলনের সুযোগ দেওয়ার কথা বলেছেন কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী। ভেতরের কারণ হলো ঢাকার বাইরের যে কটি ভেন্যু তারা লিগের নির্ধারণ করেছিলেন সেগুলো প্রস্তুত নয়। একাধিক ভেন্যুতে চলছে স্থানীয় ক্রিকেট লিগ। উইকেট থাকায় মাঠ ফুটবলের অনুপযোগী। অথচ ১৫ জানুয়ারি থেকে লিগ শুরুর সিদ্ধান্ত নিয়েছিল বাফুফে। তারিখ নির্ধারণের পর সেটা ঠিকঠাক মেনে চলতে যতটুকু প্রস্তুতি প্রয়োজন সেটাই আসলে নেয়নি বাফুফে। ফলে পেছানোর সংস্কৃতি থেকে এবারও বের হতে পারল মুর্শেদীর কমিটি। যদিও পেছনের নানা অজুহাত বাফুফের সিনিয়র সহ-সভাপতির তৈরিই থাকে সবসময়। এবার যেমন বলেছেন, ‘জাতীয় দলের দায়িত্ব নিতে নতুন কোচ আসছেন। তিনি যাতে কিছুদিন দলকে অনুশীলন করতে পারেন, তাই কিছুদিন লিগ পিছিয়ে দেওয়া হয়েছে। ক্লাবগুলো নিরবচ্ছিন্ন একটা সূচি খসড়া আকারে চেয়েছে।’ কাল সভায় অবশ্য কিছু ক্লাব লিগ নির্ধারিত সময়ে শুরুর অনুরোধ জানিয়েছিল। তাদের চাওয়া ছিল কমপক্ষে এক রাউন্ডের খেলা শেষে জাতীয় দলের ক্যাম্পের জন্য লিগ বন্ধ রাখতে। কিন্তু সভায় সেই অনুরোধ টিকেনি।

ঢাকার কাছাকাছি ছয়টি ভেন্যুতে লিগ হওয়ার কথা। তবে এখনো ভেন্যুগুলো চূড়ান্ত করেনি বাফুফে। পরবর্তী সভায় সেটি চূড়ান্ত করা হবে। এর মধ্যে গত দু’বারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস কুমিল্লার পরিবর্তে তাদের নিজস্ব স্পোর্টস কমপ্লেক্সে হোম ভেন্যু করার ইচ্ছের কথা লিখিত আকারে জানিয়েছে বাফুফেকে। এর আগে নির্ধারিত ছয় ভেন্যুর বাইরে স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছিল এটিকে। কালকের সভায় কিংসের প্রতিনিধি মোহাম্মদ শায়েক নিজস্ব ভেন্যুকেই হোম করার প্রস্তাব দেন। বিষয়টি ইতিবাচকভাবেই নিয়েছেন বাকিরা। শেষ পর্যন্ত বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স ভেন্যুর তালিকায় অন্তর্বুক্ত হলে প্রথমবারের মতো কোনো ক্লাবের নিজস্ব ভেন্যুতে হবে লিগের খেলা। ‘আমাদের ভেন্যুর কাজ খুব দ্রুত চলছে। তিন দিকে হচ্ছে গ্যালারি। দু’দিকের গ্যালারি, ড্রেসিং রুমসহ অন্যান্য অবকাঠামো প্রস্তুত হয়ে গেছে। একদিকের কাজ এ মাসের মধ্যেই হয়ে যাবে। সব মিলিয়ে কমপ্লেক্সকে হোম ভেন্যু করতে আমরা প্রস্তুত’ জানিয়েছেন শায়েক। বাকি ভেন্যুগুলোর ব্যাপারে সালাম মুর্শেদী বলেন, ‘সিলেট ও কুমিল্লার মাঠে ক্রিকেট পিচ রয়েছে। সেগুলো উঠাতে সময় লাগবে। আরও কিছু ভেন্যু রয়েছে যেগুলোতে কিছুটা পরিচর্যা করতে হবে।’

এদিকে রবিবার বিদেশি রেফারি এনে লিগের ম্যাচ পরিচালনার দাবি জানিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। সেই দাবি সভায় নাকচ করে দিয়েছেন সালাম মুর্শেদী। সাফ জানিয়ে দিয়েছেন, স্থানীয় রেফারিরাই চালাবেন লিগের ম্যাচ।

কাল প্রিমিয়ার লিগের ১২ দলের প্রতিনিধিদের সঙ্গে বসার আগে বাফুফে সভা করেছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগবিষয়ক উপ-কমিটির সদস্যদের সঙ্গে। পেশাদার লিগের দ্বিতীয় স্তর এই লিগে এবার অংশ নেবে বাফুফের অ্যাকাডেমি দল। মূলত কমলাপুরে অনুশীলনের মধ্যে থাকা ফুটবলারদের খেলার সুযোগ দিতে এই সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। অ্যাকাডেমি দল সর্বোচ্চ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হলেও প্রিমিয়ারে খেলতে পারবে না। মুর্শেদী বলেন ‘অনুশীলনের পাশাপাশি ম্যাচ খেলা প্রয়োজন। এজন্য আমাদের অ্যাকাডেমি দলকে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলানো হচ্ছে।’