দিনাজপুরের হিলি স্থলবন্দরে চলতি ২০২১-২২ অর্থবছরের ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আহরণে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ কোটি ৪ লাখ টাকা। উল্লিখিত সময়ে এ বন্দর থেকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ২২৭ কোটি ৮১ লাখ টাকা। এর বিপরীতে আহরণ হয়েছে ১৯৪ কোটি ৭৭ লাখ টাকা। যদিও ডিসেম্বর মাসে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আহরণ হয়েছে। কাস্টমস কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
হিলি স্থল শুল্ক স্টেশন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি ২০২১-২২ অর্থবছরে দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা আগের বছরের তুলনায় কিছুটা বাড়িয়ে ৪৫৩ কোটি ৭০ লাখ টাকা নির্ধারণ করে এনবিআর। সে হিসাব অর্থবছরের প্রথম মাস জুলাই মাসে বন্দর থেকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৩৬ কোটি ৩৫ লাখ টাকা, যার বিপরীতে আহরণ হয়েছে ৩৩ কোটি ৫৮ লাখ টাকা। আগস্ট মাসে ৪৩ কোটি ৯৬ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে ২৬ কোটি ৬৯ লাখ টাকা। সেপ্টেম্বর মাসে ৩৭ কোটি ৯৩ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে ৩৫ কোটি ১৯ লাখ টাকা। অক্টোবর মাসে ৩৯ কোটি ২ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে ৩৪ কোটি ৩১ লাখ টাকা। নভেম্বর মাসে ৪০ কোটি ৩২ লাখ টাকা লক্ষ্যমাত্রা থাকলেও আহরণ হয়েছে ৩২ কোটি ৫৪ লাখ টাকা। আর ডিসেম্বর মাসে ৩০ কোটি ২৪ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে ৩২ কোটি ৪৬ লাখ টাকা।