শ্যুটিং সারলেন আহত বাপ্পি

একটা সিনেমা নির্মাণের পেছনে কতই না কাঠখড় পোড়াতে হয় শিল্পী-কলাকুশলীদের। কোনো কোনো সময় বড় ধরনের বিপদের মুখেও পড়তে হয় তাদের। গত রবিবার তেমনি ঘটনা ঘটেছে ‘কুস্তিগির’ সিনেমার শ্যুটিংয়ে। সাইকেল থেকে পড়ে আহত হয়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী। নেত্রকোনার দুর্গাপুরের বিরিশিরিতে এ দুর্ঘটনায় তার প্যান্ট ভেদ করে হাঁটু এবং হাঁটুর নিচে কয়েক জায়গায় ক্ষত হয়ে রক্তপাত হয়। ঘটনার পর শ্যুটিং বন্ধ রাখা হয়। তবে গতকাল সন্ধ্যায় বাপ্পি বলেন, ‘এতগুলো লোক একসঙ্গে কাজ করছে। প্রত্যেকের শিডিউল রয়েছে। প্রযোজকের টাকা খরচ হচ্ছে। তাই ওই দিন কিছুক্ষণ শ্যুটিং বন্ধ থাকলেও পরে আমি নিজ থেকেই কাজটি চালিয়ে যেতে আগ্রহ দেখাই। গতকাল পর্যন্ত শ্যুটিং করেছি। সফট গানের শ্যুটিং চলছিল বলে আমার কষ্টটা কম হয়েছে। দর্শক গানটি দেখার পর বুঝতে পারবেন না যে আমি আহত অবস্থায় শ্যুটিং করেছি। কাজ শেষ করে গতকাল রাতেই ঢাকা ফিরেছি।’ কীভাবে ঘটনাটি ঘটল? জানতে চাইলে এই নায়ক বলেন, ‘একটি রোমান্টিক দৃশ্যের শ্যুটিংয়ে নায়িকা জাহরা মিতু ও আমাকে সাইকেলে চড়তে হয়। রাস্তাটি ভাঙাচোরা ছিল। মিতু পড়ে যাচ্ছিল। তাকে ধরতে গিয়ে আমি নিজেই পড়ে যাই। তবে বড় রকমের কোনো দুর্ঘটনা ঘটেনি। ক্ষতের জায়গায় ব্যান্ডেজ করা হয়েছে।