সংলাপের নামে রাষ্ট্রপতি হকারগিরি করছেন : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের নামে হকারগিরি করছেন।’ গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের উদ্যোগে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের চোখে ধুলো দেওয়ার জন্য, জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে সরিয়ে নেওয়ার জন্য, কত তামাশা করছেন। রাষ্ট্রপতিকে দিয়ে তিনি সংলাপও ডাকাচ্ছেন। আর সংলাপের নামে রাষ্ট্রপতি হকারগিরি করছেন। ট্রেনে যেমন হকাররা বড়ি বিক্রি করতে মজার কাহিনী বলত মানুষকে আকর্ষণ করার জন্য তেমনি রাষ্ট্রপতি হচ্ছেন সেই ধরনের হকার। আসলে যে ইসি গঠিত হবে সেখানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ইচ্ছার প্রতিফলন ঘটবে। তারা একটা তামাশা করে যাচ্ছে। হকারের সেই চমকপ্রদ কাহিনী ফাঁদতে চেষ্টা করছেন।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ আর করোনার মধ্যে কোনো পার্থক্য নেই। করোনা যেমন রূপান্তর হচ্ছে আওয়ামী লীগও নিজেদের প্রয়োজনে সময়ে সময়ে রূপান্তর ঘটায়।’