রোহিঙ্গা প্রত্যাবাসনের দাবিতে উখিয়ায় মানববন্ধন

অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন, রোহিঙ্গা সন্ত্রাসীদের অপরাধ দমন, দেশি-বিদেশি এনজিওর ষড়যন্ত্র ও অপতৎপরতা বন্ধের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আমরা কক্সবাজারবাসী নামের একটি সংগঠনের উদ্যোগে মঙ্গলবার সকাল ১১টার সময় উখিয়ার একরাম মার্কেট চত্বরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন আমরা কক্সবাজারবাসী সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সহ সভাপতি সমির পাল, জেলা কৃষক লীগের নেতা ও সহ সভাপতি  আনিসুল  হক চৌধুরী, আনকিচ ফাতেমা ডেইজি, শিক্ষক নেতা হাসান জামাল রাজু, উখিয়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, সিনিয়রসহ সভাপতি এড. এটিএম রশিদ, পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য  ফজল কাদের ভুট্টো, সাংবাদিক রতন কান্তি দে, সুজন সভাপতি নুর মোহাম্মদ সিকদার, ইউপি সদস্য হেলাল উদ্দিন  ও যুবলীগ নেতা আবুল হোসেন।

এ সময় বক্তারা বলেন, গত ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে রোহিঙ্গারা এদেশে অনুপ্রবেশ করে। বিদেশি রাষ্ট্রের অনুরোধ ও মানবিক কারণে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ১১ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দেন৷  

বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর থেকে পর্যটন শহর কক্সবাজারকে অপরাধের স্বর্গরাজ্য হিসেবে গড়ে তোলে। রোহিঙ্গারা পুরো কক্সবাজার জেলায় ছড়িয়ে পড়েছে। এ কারণে শহরে অপহরণ, খুন, ছিনতাই, ডাকাতি বেড়ে গেছে। ফলে পর্যটকেরা কক্সবাজার ভ্রমণে নিরুৎসাহিত হচ্ছে।

এ ছাড়া রোহিঙ্গারা ব্যবসা-বাণিজ্যে লিপ্ত। তারা এদেশ থেকে হাজার হাজার টাকা পাচার করছে। উখিয়া ও টেকনাফের ৩৪টি রোহিঙ্গা শিবির কর্মরত এনজিও সংস্থায় চাকরি করছেন রোহিঙ্গারা।

পুরো অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের যুগ্ম-সম্পাদক মুজিবুল হক।