করোনার ভ্যাকসিন নিতে এসে শিক্ষার্থীদের ভোগান্তি

ময়মনসিংহের গফরগাঁওয়ে করোনার ভ্যাকসিন নিতে আলতাফ হোসেন গোলন্দাজ অডিটোরিয়ামে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। চরম বিশৃঙ্খলায় শিক্ষক ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা যায়।

সরেজমিনে মঙ্গলবার দুপুরে টিকাদান কেন্দ্রে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করে জানা যায়, সকাল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা টিকা নেয়ার জন্য কেন্দ্রে আসে। সেখানে কোনো সামাজিক দূরত্ব মানা হয়নি। টিকা নিতে শিক্ষার্থীরা গাদাগাদি করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকেন। দীর্ঘক্ষণ অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে থেকে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে যায়। প্রায় কারো মুখে মাস্ক দেখা যায়নি।

অভিভাবকরা বলেন, কর্তৃপক্ষের  অব্যবস্থায় টিকা নিতে  সময় লাগছে দ্বিগুণ। লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। সোমবার (১০ জানুয়ারি) পাঁচ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়। মঙ্গলবার (১১ জানুয়ারি) সাত হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সাংবাদিক রমিজ উদ্দিন বলেন, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না টিকাদান কর্মসূচিতে। এতে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। কর্তৃপক্ষকে আরো বুথ বৃদ্ধি করতে হবে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে এ কার্যক্রম চালানো উচিত।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ৮ জানুয়ারি থেকে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজার টিকা দেওয়া শুরু হয়। ১৫ জানুয়ারি পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের টিকার প্রথম ডোজ দেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনুদ্দিন খান মানিক বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি শিক্ষার্থীদের মাস্ক পরায় সতর্ক করতে। তবে শিক্ষার্থীরা মাস্ক পরতে অনীহা প্রকাশ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সতর্ক করে দিয়েছি এবং শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষকদের নজরদারি রাখতে বলেছি।