নদী রক্ষা কমিশন চেয়ারম্যান আলী কবীরের মৃত্যু

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান এ এস এম আলী কবীর মারা গেছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে সাবেক এই সচিবের বয়স হয়েছিল ৭০ বছর।

আলী কবীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে।

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সচিবালয়ের মসজিদে আলী কবীরের জানাজা হয়। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং পানিসম্পদ সচিব কবির বিন আনোয়ার এতে অংশ নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা আলী কবীর তার পেশাজীবনের শুরুতে মির্জাপুর ক্যাডেট কলেজে ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে চাকরি করেন । কিছু দিন বাংলাদেশ ব্যাংকেও চাকরি করেন। পরে তিনি সরকারি চাকরিতে যোগ দেন। ক্রীড়া সংগঠক হিসেবে পুরস্কার পাওয়া আলী কবীর বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনেরও সভাপতির দায়িত্বে ছিলেন। তার লেখা কবিতা, ছোটগল্প ও প্রবন্ধের বেশ কয়েকটি বইও প্রকাশিত হয়েছে।