ট্রাম্পকে অপহরণ ও হত্যার হুমকি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোনে অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির গোয়েন্দারা। ৭২ বছর বয়সী নিউ ইয়র্কের ওই বাসিন্দাকে গত সোমবার সিক্রেট সার্ভিসের সদস্যরা গ্রেপ্তার করেন বলে জানিয়েছে সিএনএন।

ব্রুকলিনের প্রসিকিউটররা জানান, টমাস ওয়েলনিকি নামের ওই ব্যক্তি সাবেক প্রেসিডেন্টকে জেনেশুনে এবং ইচ্ছাকৃতভাবে অপহরণ ও শারীরিকভাবে ক্ষতি, এমনকি হত্যার হুমকি দেন। টমাস ওয়েলনিকির বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০২০ সালের জুলাইয়ে এক সাক্ষাৎকারে ক্যাপিটল পুলিশকে বলেন, যদি ট্রাম্প ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যান, আর পদত্যাগ করতে অস্বীকৃতি জানান, তবে তিনি অস্ত্র সংগ্রহ করবেন এবং তাকে হত্যা করবেন।

টমাস ওয়েলনিকি গত বছরের ৪ জানুয়ারি সিক্রেট সার্ভিসকে তার মোবাইল ফোন থেকেও ফোন করেন। তিনি দুটি ভয়েস মেইলও পাঠান। এই ভয়েস মেইলে তিনি ট্রাম্পকে হত্যার কথা জানান। হুমকিতে ট্রাম্পকে ‘হিটলার’ বলে অভিহিত করেন টমাস ওয়েলনিকি। তিনি বলেন, ট্রাম্পের মৃত্যু নিশ্চিত করার জন্য তিনি সবকিছুই করবেন।

কুইনসে বসবাসকারী অভিযুক্ত ৭২ বছর বয়সী এই ব্যক্তি বলেন, ‘হ্যাঁ সেটা হুমকি, আসুন আমাকে গ্রেপ্তার করুন। আমি তাকে সরাতে যেকোনো কিছু করব।’ গত বছরের নভেম্বরেও ওয়েলনিকি তিনবার তার ফোন থেকে সিক্রেট সার্ভিসে কল করেন। প্রতিবারই তিনি তার পরিচয় দিয়ে হুমকি দেন।