করোনা আক্রান্ত হয়েছেন ভারতের অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। যার ফলে ওয়ানডে সিরিজ খেলতে তার দক্ষিণ আফ্রিকা সফর অনিশ্চিত।
বর্তমানে হোম আইসোলেশনে আছেন ২২ বছর বয়সী স্পিনার। প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ভারতের ১৮ সদস্যের স্কোয়াডে আছেন তিনি।
১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া তিন ওয়ানডে সিরিজ খেলতে দলের অন্যান্য সদস্যদের সঙ্গে মুম্বাই থেকে কেপটাউনে যাওয়ার কথা সুন্দরের। কিন্তু তার সেই সফর এখন শঙ্কায়।
চোটের জন্য ১০ মাস মাঠের বাইরে ছিলেন সুন্দর। সদ্য বিজয় হাজারের ট্রফির হাত ধরে ক্রিকেটে ফিরেছেন এই তরুণ ক্রিকেটার। তামিলনাড়ুর হয়ে প্রতিনিধিত্ব করে জাতীয় দলের নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। তারপরেই দ. আফ্রিকা সফরে ডাক পান সুন্দর।
মনে করা হচ্ছে, প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বিসিসিআই দ্রুত ওয়াশিংটনের বিকল্প বেছে নেবে। এই সিরিজে মাঠে ভারতকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল।
১৯ জানুয়ারি প্রোটিয়াদের বিপক্ষে পার্লের বোলান্দ পার্কে সিরিজের প্রথম ওয়ানডে খেলবে টিম-ইন্ডিয়া। দু’দিন পর একই ভেন্যুতে হবে দ্বিতীয় ওয়ানডে। ২৩ জানুয়ারি সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে কেপটাউনের নিউল্যান্ডসে।