জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি সারল বাংলাদেশের যুবারা। সেন্ট কিটসে ওয়ার্ম-আপ ম্যাচে বৃষ্টি আইনে (ডার্কলুইস মেথড) ১৫৫ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
টস জিতে ব্যাটিংয়ে নেমে আইচ মোল্লার ৮২ বলে ৮২ রানের সুবাদে ৪৯.৫ ওভারে ২৭৭ রান করে যুব টাইগাররা। ৪০ রান আসে আরিফুল ইসলামের ব্যাট থেকে।
শেষদিকে ২৬ বলে ৩৯ রানে ক্যামিও উপহার দেন রিপন মণ্ডল। অধিনায়ক রাকিবুল হাসানের ব্যাট থেকে আসে ৩৬ রান। জিম্বাবুয়ে অনূধ্ব-১৯ দলের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন কনর মিচেল। ২ উইকেট পেয়েছেন ম্যাথিউ শংকেন।
তবে বৃষ্টির কারণে জিম্বাবুয়ের সামনে লক্ষ্যটা দাঁড়ায় ২৫৬ রান। সেই রান তাড়া করতে নেমে ৩৫.২ ওভারে ১১০ রানে গুটিয়ে যায় তারা।
স্টিভেন সল (৩৯), তাশিঙ্গা মাকুনি (২২), ব্রায়ান বেনেট (১২) ও ওপেনার মিচেল (১০) ছাড়া বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে জিম্বাবুয়ের আর কেউ দুই অঙ্কের রানের দেখা পাননি। নাঈমুর রহমান ১০ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট ভাগাভাগি করেছেন আরিফুল ও আব্দুল্লাহ আল মামুন।
১৬ জানুয়ারি যুব বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে যুব টাইগারদের প্রথম ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে। ম্যাচটি হবে সেন্ট কিটসেই। গ্রুপের বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ কানাডা ও সংযুক্ত আরব আমিরাত।
১৪ জানুয়ারি আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া।