ইসলামাবাদের শালিমার থানায় দায়ের করা ধর্ষণ মামলায় ‘নির্দোষ’ প্রমাণিত হয়েছেন পাকিস্তানের টেস্ট ক্রিকেটার ইয়াসির শাহ। ভুক্তভোগী আগের বক্তব্য প্রত্যাহার করায় ইসলামাবাদ পুলিশ ইয়াসিরের নাম কেটে দেন এফআইআর থেকে।
পুলিশ জানায়, ‘ভুক্তভোগী ভুলবশত ইয়াসির শাহর নাম এফআইআর-এ অন্তর্ভুক্ত করেন। এই ধর্ষণ মামলায় তিনি জড়িত নন।’
এক ১৪ বছর বয়সী কিশোরী তাকে ধর্ষণ ও নির্যাতনের সহায়তার জন্য গত মাসে ৩৫ বছর বয়সী এই টেস্ট ক্রিকেটারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
এফআইআরে ভুক্তভোগী জানান, ইয়াসিরের বন্ধু ফারহান বন্দুকের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ-নির্যাতন করেন এবং তা ভিডিও ধারণ করেন।
ওই কিশোরী মামলায় আরও উল্লেখ করেন, ‘যখন আমি ইয়াসিরকে হোয়াটসঅ্যাপে ঘটনাটি বলি, তখন তিনি আমার সঙ্গে মজা নেন এবং জানান, আমি নাকি অন্যান্য মেয়েদের মতন।’
তবে এই অভিযোগ থেকে মুক্তি পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ইয়াসির। পাকিস্তানের এক গণমাধ্যমকে তিনি বলেন, ‘আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা। এখন আমি খেলায় পূর্ণ মনোযোগ দিতে পারব। এই অভিযোগের কারণে আমার অনেক সমস্যা হচ্ছিল। যা খেলায়ও প্রভাব ফেলছিল।’
ইয়াসির শাহ পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ৪৬ টেস্ট, ২৫টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলেছেন।