মেহেন্দীগঞ্জে ৪ ইটভাটা ধ্বংস

অনুমোদন না থাকা এবং সেকেলে পদ্ধতিতে ইট প্রস্তুত করায় বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চারটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ভাটাগুলোর মালিককে ১১ লাখ টাকা জরিমানা করা হয়। গতকাল বুধবার বরিশাল বিভাগীয় পরিচালক আবদুল হালিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে এ তথ্য।

পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হকের নেতৃত্বে গতকাল বুধবার অভিযান চালিয়ে এসব ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের কর্মকর্তাসহ পুলিশ, প্রশাসন ও ফায়ার সার্ভিসের একটি দল অংশ নেয়।

মেহেন্দীগঞ্জের ধুলিয়াচর গ্রামের মেসার্স ধনিয়া ব্রিকস, উত্তর দাঁদপুর গ্রামের মেসার্স নাম্বার ১ ব্রিকস, উত্তরচর গ্রামের মেসার্স খান ব্রিকস, সোনামুখী গ্রামের মেসার্স ওয়ান ব্রিকস সরকারের অনুমতি ছাড়া ড্রাম চিমনি দিয়ে ভাটা পরিচালনা করে আসছিল। চারটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে সব কাঁচা ইট নষ্ট করে দেওয়া হয়। পরে ভাটাগুলোকে মোট ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।