বাংলাদেশের প্রধান কোচ হিসেবে রাসেল ডমিঙ্গোই বহাল থাকছেন। এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
নিউজিল্যান্ড সফর শেষে অনিশ্চিয়তা নিয়ে নিজ দেশে ফেরেন ডমিঙ্গো। কারণ, আফগানিস্তান সিরিজের আগে যে বিরতি আছে তাতে এই দক্ষিণ আফ্রিকান কোচের চাকরি হারানোর শঙ্কা ছিল। তবে জালাল ইউনুস জানিয়েছেন, প্রধান কোচ হিসেবে ডমিঙ্গোই থাকছেন তাদের ভাবনায়। কারণ বিকল্প কারও নাম বিসিবির হাতে নেই।
জালাল ইউনুস বলেন, ‘আমাদের হাতে এখন হেড কোচ নেই। জেমি সিডন্সকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়ে এসেছি। এই মাসের শেষে বা ফেব্রুয়ারির শুরুতে চলে আসবেন তিনি। হেড কোচ কিন্তু এখন হাতে নেই। কয়েকদিন আগে মাননীয় সভাপতিও জানিয়েছেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে; সামনে যেহেতু আমাদের হাতে কোনো কোচ নেই এবং হেড কোচকে একটা চুক্তির আওতায় এনেছি, আমরা তাকে নিয়েই কন্টিনিউ করছি।’
তবে প্রধান কোচ পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। জালাল ইউনুস বলেন, ‘যদি কোনো পরিকল্পনা থাকে, উনি (বিসিবি সভাপতি) বলেছেন জানুয়ারিতে পরিবর্তন হতে পারে। নির্বাচকের মত পদও বোর্ড থেকে সিদ্ধান্ত হয়। এজন্য আমাদের বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে।’