বেশ কিছু দিন ধরেই জাতীয় দলের বাইরে পাকিস্তানের ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজ। হঠাৎই যিনি রাস্তার ছোলা বিক্রেতা হিসেবে দর্শকদের সামনে হাজির হলেন।
জাতীয় দলের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন ওয়াহাব। সম্প্রতি তার নেতৃত্বে আবুধাবি টি-১০ লিগে শিরোপা জিতেছে ডেকান গ্ল্যাডিয়েটরস। সেই ওয়াহাবকেই এখন দেখা যাচ্ছে ঠেলাগাড়িতে ছোলা ভাঁজতে ও বিক্রি করতে।
টুইটারে নিজেই সেই ভিডিও প্রকাশ করেছেন ৩৬ বছর বয়সী বাঁহাতি বোলার। যেখানে দেখা যায় লাল জামা এবং একটি শর্টস পরে রাস্তায় একটি ঠেলাগাড়িতে ছোলা ভাজছেন তিনি।
ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আপনাদের জন্য হাজির ছোলাওয়ালা চাচা। কী বানাব এবং কতটা বানাব বলে দিন।’ এরপরই তিনি মজা করে লিখেছেন, ‘এই বিশেষ ঠেলাগাড়িতে ছোলা ভেজে সময়টা খুব ভালো কাটল। ছোটবেলার কথা মনে পড়ে গেল।’
ওয়াহাব টুইটারে এই পোস্ট করার পরই ভিডিও ভাইরাল হয়ে যায়। ভক্তরা তাকে লিখেছেন, নিশ্চয়ই তার বলের গতির মতো ছোলাটাও খেতে দুর্দান্ত হবে। অনেকে আবার মজা করে জানতে চেয়েছেন, অবসরের পরে এটাই কি ভবিষ্যৎ হতে চলেছে?
পাকিস্তানের হয়ে ২০২০ সালের ডিসেম্বরে শেষ বার খেলতে দেখা যায় ওয়াহাব রিয়াজকে। তবে কিছুদিন আগেই জানিয়ে দিয়েছেন, ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পরই অবসর নিতে চান তিনি। তার আগে পর্যন্ত নিজেকে ফিট রাখার চেষ্টা করে যাবেন।