ভারতের উত্তরপ্রদেশ নির্বাচনের ঠিক আগে যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার তিন সদস্য পদত্যাগ করেছেন। দলিত সম্প্রদায়কে অবহেলার অভিযোগ তুলে গতকাল বৃহস্পতিবার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন জ্যেষ্ঠ ওবিসি নেতা ধরম সিং সাইনি। খবর দি হিন্দুর।
এর আগে গত মঙ্গলবার স্বামীপ্রসাদ মৌর্য ও বুধবার দারা সিং চৌহান পদত্যাগ করেন। তাদের সঙ্গে গত দুদিনে চারজন বিধায়ক বিজেপি ছেড়েছেন।
ওবিসি সম্প্রদায়, কৃষক ও শিক্ষিত তরুণ প্রজন্মের সমর্থন পেয়ে ২০১৭ সালে উত্তরপ্রদেশে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজেপি। গভর্নর আন্দন্দিবেন প্যাটেলের কাছে পদত্যাগপত্র জমা দেন সাইনি। মন্ত্রিসভায় আয়ুশ, খাদ্য নিরাপত্তা ও ওষুধ প্রশাসনের দায়িত্বে ছিলেন তিনি।
সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব তাকে ‘সামাজিক ন্যায়বিচারের যোদ্ধা’ উল্লেখ করে প্রশংসা করেছেন এবং তার দলে স্বাগত জানিয়েছেন।