অর্জুন-মালাইকার বিচ্ছেদ!
বলিউডে যখন একের পর এক সানাই বেজে চলেছে ঠিক তখনই বিচ্ছেদের সুর। মালাইকা-অর্জুনের নাকি বিচ্ছেদ হয়ে গেছে। এতে ভেঙে পড়েছেন মালাইকা। তিনদিন ধরে বাড়ি ছেড়ে বেরোননি তিনি এমনই খবর সংবাদমাধ্যমের। এবারে গুঞ্জনের জবাব দিলেন অভিনেতা অর্জুন কাপুর নিজেই। ইন্সটাগ্রামে পোস্ট করেছেন একটি সাদাকালো ছবি তাতে দেখা যাচ্ছে প্রেমিকা মালাইকার সঙ্গে আয়নার সামনে বেশ প্রেমময় ভঙ্গিতেই দাঁড়িয়ে আছেন তিনি। সঙ্গে জুড়ে দিয়েছেন ক্যাপশন, ‘আজেবাজে গুজবের কোনো জায়গা নেই। সাবধানে থাকুন। সুস্থ থাকুন। সবার জন্য প্রার্থনা রইল। সবার জন্য ভালোবাসা।’ বুধবার সকালে এক সংবাদমাধ্যম জানিয়েছিল মালাইকা-অর্জুনের চার বছরের সম্পর্কে ভাটা পড়েছে। চারদিন হয়ে গেল মালাইকা অরোরা বের হননি বাড়ি ছেড়ে। এদিকে তার ১১ বছরের ছোট প্রেমিকও তার বাড়ির দিকে পা বাড়াননি। অথচ তিনদিন আগেই বোন রিয়া কাপুরের বাড়িতে নৈশভোজের নিমন্ত্রণে তাকে দেখা গেছে। সাধারণত পারিবারিক এসব অনুষ্ঠানে অর্জুনের সঙ্গী হতেন মালাইকা অরোরা। তবে এবার অর্জুন একাই গিয়েছিলেন সেখানে। এতে করেই সন্দেহ আরও ঘনীভূত হয়েছিল অনুরাগীদের মধ্যে। এবারে এই বিষয়ে মুখ খুললেন অর্জুন কাপুর।
ট্রানসেলভেনিয়ার শেষ কিস্তি
একাধিকবার মুক্তির তারিখ পেছানোর পর অবশেষে আজ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে দীর্ঘ প্রতীক্ষিত অ্যানিমেশন চলচ্চিত্র ‘হোটেল ট্রানসেলভেনিয়া: ট্রান্সফরম্যানিয়া’। ছবিটি হোটেল ট্রানসেলভেনিয়া চলচ্চিত্রের চতুর্থ এবং শেষ কিস্তি। ২০১২ সালে শুরু হওয়া হোটেল ট্রানসেলভেনিয়া ফ্র্যাঞ্চাইজি এখন পর্যন্ত ১.৩ বিলিয়নেরও বেশি উপার্জন করেছে। ছবির প্রযোজক সনি পিকচার্স ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজনের কাছে ছবিটির ডিস্ট্রিবিউশন স্বত্ব বিক্রি করেছে। এজন্য প্রায় এক মিলিয়ন ডলার নিয়েছে তারা। চুক্তির অংশ হিসেবে সনি কেবল চীনে মুভিটি প্রচারের অধিকার ধরে রেখেছে; যেখানে ট্রানসেলভেনিয়া প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ইতিমধ্যে ট্রেলারের ১৩ মিলিয়ন ভিউ থেকে বোঝা যায় ছবিটির জনপ্রিয়তা। এবারের কিস্তিতে দানবরা বেশি মানবিকতা অর্জন করে, যখন প্রফেসর ভ্যান হেলসিংয়ের রহস্যময় আবিষ্কার বিশৃঙ্খল হয়ে যায়। তখন সব দানব মানুষে রূপান্তরিত হয় এবং জনি রূপান্তরিত হয় এক বিশাল দেহের সবুজ ড্রাগনে। বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন সেলেনা গোমেজ, ব্রায়ান হুল, অ্যান্ডি সামবার্গ, ক্যাথরিন হ্যান, স্টিভ বুসেমি, মলি শ্যানন, ফ্রান ড্রেসচার। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন জেনিফার ক্লুশকা এবং ডেরেক ড্রাইমন। এক ইন্টারভিউতে তারা জানিয়েছেন, ‘সিনেমার কেন্দ্রে মূলত পরিবারেরই গল্প, তবে সেটা দানবীয় আবহে ও ভিন্নরূপে। এবারের সিনেমাটির চূড়ান্ত পর্বে পুরো ফ্র্যাঞ্চাইজিটাকে একই বৃত্তে নিয়ে আসা হয়েছে। যেখানে মানব ড্র্যাক এবং দানব জনি এই কমিক জুটির রসায়ন দর্শককে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা দেবে।’