বুস্টার ডোজ

ফাইজারের বদলে মডার্নার টিকা দেওয়ার নির্দেশ

সারা দেশে করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ হিসেবে ফাইজারের বদলে মডার্নার টিকা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন ফাইজার দেওয়া হবে শুধু ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের।

গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও কভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হকের পাঠানো নির্দেশনায় বলা হয়, কভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমে দেশের সব পর্যায়ে ভ্যাকসিনপ্রাপ্তি সাপেক্ষে তৃতীয় ডোজ হিসেবে ফাইজারের পরিবর্তে মডার্নার কভিড-১৯ টিকা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো।

সারা দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিটি কলেজের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, সরকারি জেনারেল হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, ২৫০ শয্যা হাসপাতাল, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা এবং সব পৌরসভার মেডিকেল অফিসারদের এ নির্দেশ দেওয়া হয়েছে।