করোনা আক্রান্ত রাজশাহীর মেয়র লিটন

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন করোনা আক্রান্ত হয়েছেন। 

শনিবার রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেয়রের করোনার কোনো উপসর্গ বা শারীরিক অসুস্থতা নেই। বর্তমানে তিনি ঢাকায় নিজ বাসায় অবস্থান করছেন।

পিন্টু জানান, গত ৯ জানুয়ারি থেকে ঢাকায় রয়েছেন মেয়র লিটন। কোনো উপসর্গ না থাকলেও বিভিন্ন অনুষ্ঠানে যেতে হয় বলে তিনি নিজ উদ্যোগে করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেন।

তিনি আরও জানান, মেয়র লিটন শুক্রবার জাতীয় সংসদ ভবনের হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। শনিবার পরীক্ষার পজিটিভ ফল জানতে পারেন।