গাজীপুরে সড়ক বেহাল

চার জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের জয়দেবপুর থেকে টঙ্গী পর্যন্ত বেহাল সড়কটি চলাচলের উপযোগী না করায় আজ রবিবার থেকে ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকে ঢাকাগামী সব বাস ও ট্রাক বন্ধ থাকার ঘোষণা দিয়েছে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি। গতকাল শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ ঘোষণা প্রচার করে ময়মনসিংহ শহরে সমিতির পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। জেলা মোটর মালিক সমিতির কোচ বিভাগের সম্পাদক সোমনাথ সাহা পরিবহন বন্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, গাজীপুরের জয়দেবপুর থেকে টঙ্গী পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ সড়কের ১২ কিলোমিটার এলাকায় জরুরি ভিত্তিতে মেরামত করে গাড়ি চলাচল উপযোগী না করায় রবিবার (আজ) থেকে বৃহত্তর ময়মনসিংহের (ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা) যোগাযোগব্যবস্থা বন্ধ থাকবে।

এর আগে গত ২ জানুয়ারি জেলা মোটর মালিক সমিতি ও জেলা চেম্বার অব কমার্স সরকারের সংশ্লিষ্ট মহলকে জয়দেবপুর-টঙ্গীর যানজট নিরসনে দ্রুত ব্যবস্থা নিতে ১৫ জানুয়ারি পর্যন্ত আল্টিমেটাম দিয়ে সংবাদ সম্মেলন করে।

সে সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা মোটর মালিক সমিতির সভাপতি মো. মমতাজ উদ্দিন, মহাসচিব মো. মাহবুবুর রহমান, সহ-সভাপতি অধ্যাপক শ্যামল দত্ত, ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সভাপতি মো. আমিনুল হক শামীম, সিনিয়র সহসভাপতি শংকর সাহা প্রমুখ।

জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন বলেন, ‘পরিবহন মালিক শ্রমিকগণের নিজস্ব জরিপে দেখা যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রতি মিনিটে সাতটি যাত্রীবাহী গাড়ি বিভিন্ন রোড থেকে গাজীপুর হয়ে ঢাকা অভিমুখে চলাচল করে। হিসাব অনুযায়ী ঘণ্টায় যাতায়াত করছে ৪২০টি গাড়ি। ২৪ ঘণ্টায় চলাচল করছে ১০ হাজার ৮০টি গাড়ি। রাস্তা খারাপের কারণে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত জ্বালানি খরচ হয় ২০ লিটার বেশি। হিসাব অনুযায়ী ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮০ গাড়িতে ২ লাখ ১ হাজার ৬০০ লিটার তেল বেশি লাগে। যার অর্থমূল্য ১ কোটি ৬১ লাখ ২৮ হাজার টাকা। প্রতিদিন মালিকদের তেল বাবদ নষ্ট হচ্ছে ওই টাকা। দিন দিন পরিবহন শিল্পের এই অতিরিক্ত খরচে মালিকরা ক্ষতির সম্মুখীন হয়েছে। গাজীপুর-ঢাকার রাস্তার বেহাল অবস্থার কারণে আমদানি-রপ্তানিসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের কাঁচামাল বহনে ব্যাপক বাধা সৃষ্টি হচ্ছে। শিল্পপ্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও রোধ করা যাচ্ছে না। তাই পরিবহন শিল্পসহ সকল ব্যবসায়ী মহলের স্বার্থরক্ষায় ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছে।’