আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার ১৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় দোহার উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শামীম আহমেদের উপর ঐ ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তৈয়বুর রহমান তরুণের লোকজন হামলা চালিয়ে তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।
শনিবার বিকেলে উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আন্তা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্বতন্ত্র প্রার্থী হান্নান জানান, দোহারের নয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী শামীম আহমেদ হান্নান উপজেলা পরিষদের মিটিং শেষে বাড়ি ফেরার পথে নয়াবাড়ী ইউনিয়নের আন্তা এলাকায় পৌঁছালে আগে থেকে উৎপেতে থাকা আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তৈয়বুর রহমান তরুণ ও তার লোকজনেরা হান্নানের উপর হামলা করে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং তার গাড়ি ভাঙচুর করেন।
দোহারের নয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী শামীম আহমেদ হান্নান আরও বলেন, আমি দীর্ঘ ১১ বছর ধরে এই ইউনিয়নে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি জনগণ আমাকে ভালোবাসে। আমি এবার স্বতন্ত্র প্রার্থী হয়েছি। তরুণ নৌকা প্রতীক পাওয়ায় পর থেকেই আমাকে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিচ্ছেন। এ ব্যাপারে আমি গত চারদিন আগে দোহার উপজেলা নির্বাচন কার্যালয়ে এবং দোহার থানায় লিখিত অভিযোগ করেছি। তারপরেও আমার উপর আজ যে হামলা করা হলো আমি এর সঠিক বিচার চাই।
অভিযুক্ত তৈয়বুর রহমান তরুণ বলেন, নির্বাচন অফিস থেকে আমাকে নির্বাচনী প্রচারণার জন্য তিনটি ক্যাম্প করার অনুমতি দেয়। সেই পরিপ্রেক্ষিতে আজ শনিবার বিকেলে দোহারের নয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী শামীম আহমেদ হান্নানের এলাকা আন্তা গ্রামে একটি প্রচারণার ক্যাম্প করতে গেলে তিনসহ তার লোকজন আমার উপর হামলা চালায়। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা। আমার উপর হামলার জন্য বিচার চাই।
দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম বলেন, হান্নান চেয়ারম্যান আমার অফিসে কয়েকদিন আগে একটি লিখিত অভিযোগ করেছিল। আজ তার উপর হামলা ও গাড়ি ভাঙচুর হয়েছে বিষয়টি শুনেছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে দোহার উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএফএম ফিরোজ মাহমুদ বলেন, হান্নান চেয়ারম্যানের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে অভিযোগ সত্য হলে আইনই ব্যবস্থা নেওয়া হবে।