টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে একের পর এক ক্ষমতা হারাচ্ছেন বিরাট কোহলি। সীমিত ওভারের দুই ক্রিকেটের নেতৃত্ব আগেই ছেড়েছেন ৩৩ বছর বয়সী ব্যাটার। এবার টেস্ট অধিনায়কত্বও ছাড়লেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পরপরই সাদা পোশাকের ক্রিকেটের নেতৃত্ব ছাড়লেন কোহলি। শনিবার সকলকে চমকে দিয়ে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি। কোহলির পরিবর্তে ভারতের টেস্ট দলের অধিনায়ক কে হবেন, তা নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে জোর জল্পনা।
তিন ফরম্যাটের ক্রিকেটেই জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার তালিকায় সবচেয়ে বেশি শোনা যাচ্ছে রোহিত শর্মার নাম। ইতোমধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়েছেন তিনি। তবে চোটের কারণে দ. আফ্রিকার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে খেলতে পারেননি এই ওপেনার।
রোহিতের অনুপস্থিতে প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। দ. আফ্রিকা সফরে অজিঙ্কা রাহানের পরিবর্তে টেস্ট দলের সহ-অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। সিরিজের দ্বিতীয় টেস্টে কোহলির অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন রাহুল। অনেকের মতে, সীমিত ওভারের ক্রিকেটে রোহিতকে দায়িত্বে রেখে টেস্ট অধিনায়ক করা হোক ২৯ বছর বয়সী এই ব্যাটারকে।
এক সময় টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন রাহানেও। অস্ট্রেলিয়ায় কোহলির অনুপস্থিতিতে তার নেতৃত্বে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জেতে ভারত। কিন্তু ব্যাটে রানের খরা তাকে দৌড় থেকে ছিটকে দিয়েছে। দ. আফ্রিকাতেও হাসেনি রাহানের ব্যাট। যার কারণে এই মুহূর্তে টেস্টে অধিনায়ক হওয়ার দৌড়ে বেশ পিছিয়ে পড়েছেন তিনি।
তবে এই দৌড়ে রোহিত-রাহুলকে চ্যালেঞ্জ জানাতে পারেন ঋষভ পন্ত। তবে বয়সটা কি এই উইকেটরক্ষক-ব্যাটারের হয়ে কথা বলবে? ২৪ বছর বয়সী এই তারকাকে ভাবা হয়, তার প্রজন্মের অন্যতম ক্রিকেটার হিসেবে। দ. আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে দলের দুঃসময়ে সেঞ্চুরিও করেছেন পন্ত। এই আক্রমণাত্মক ব্যাটার গত জানুয়ারিতে গ্যাবায় অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতকে ঐতিহাসিক জয়ও এনে দেন।