ঝালকাঠির নলছিটিতে মাছ ধরাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হামলায় খোকন চন্দ্র শীল (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার মোল্লারহাট ইউনিয়নে মালুহার গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খোকন চন্দ্র শীল একই গ্রামের মৃত মাধব চন্দ্র শীলের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সঞ্জয় চন্দ্র শীলের স্ত্রী লিপিকে (৩০) আটক করেছে পুলিশ।
নিহত খোকন চন্দ্র শীলের ছেলে সঞ্জীব চন্দ্র শীল বলেন, আমাদের বাড়ির সামনে সকলের একটি পুকুর আছে। সেই পুকুরে আমার চাচা সঞ্জয় চন্দ্র শীল একা মাছ ধরার জন্য পুকুর সেচ করছিল। আমি তাকে নিষেধ করলে তিনি ও তার স্ত্রী আমাদের গালাগালি করে এবং একপর্যায়ে আমাকে মারধর শুরু করে। পরে আমার বাবা আমাদের থামানোর জন্য আসলে তাকেও সঞ্জয় ও তার স্ত্রী লিপি মারধর করেন। এ সময় আমার বাবা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে বাবাকে আহত অবস্থায় চিকিৎসার জন্য নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল তৈরির পর দুপুরে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় একজনকে আটক করলেও বাদীপক্ষ এখনো কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।