ঝালকাঠিতে মাদকবিরোধী পৃথক চারটি অভিযানে ৯৫টি ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা রাত থেকে গভীর রাত পর্যন্ত জেলা সদর ও নলছিটি উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ হাজার ১০০ টাকাসহ ঝালকাঠি পৌর এলাকার ৪ নং ওয়ার্ড থেকে অমিত কুমার কংশ বনিক অপু (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
অপরদিকে নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা ব্রিজের ওপর অভিযান চালিয়ে মোহাম্মদ সাব্বির হোসেন (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি নলছিটি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নান্দিকাঠি গ্রামের হেমায়েত উদ্দিন হাওলাদারের ছেলে।
এছাড়া একই এলাকার টাক বাজারে মাহাতাব খানের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন, খুলনার কোতোয়ালি থানার দারোগাপাড়া এলাকার মো. সুমন হাওলাদার (২৪), বরিশালের মুলাদী উপজেলার উত্তর পাথরচর এলাকার মো. মজিদ উদ্দিন বেপারী (৩২) এবং শেরপুরের নকলা উপজেলার খারজান এলাকার মো. আকাশ মীর (২২)।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জান সোহাগ বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।