ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার পর বিরাট কোহলির জন্য বার্তা দিলেন স্ত্রী আনুশকা শর্মা। সেখানে তিনি লিখেছেন, তিনি জানেন কোহলির মধ্যে অনেক খুঁত রয়েছে। কিন্তু তারপরও ক্রিকেটের প্রতি তার সদিচ্ছা সব সময় ছিল। তাই তার সিদ্ধান্তের প্রশংসা করেছেন কোহলি-পত্নী।
কোহলির উদ্দেশে আনুশকা লিখেছেন, ‘তুমি ভান করতে পার না। এই গুণটাই তোমাকে আমার চোখে মহান করে তুলেছে। কারণ সবাই তোমার পবিত্র ইচ্ছাটাকে দেখতে পায়। কিন্তু সবাই সেটা বুঝতে পারে না। তারা সত্যিই ভাগ্যবান যারা তোমার চোখের গভীরে তোমার মনটা দেখতে পায়। তোমার মধ্যেও অনেক খুঁত রয়েছে। কিন্তু তুমি কোনো দিন সেগুলো লুকনোর চেষ্টা করনি। সব সময় সত্যের পাশে দাঁড়িয়েছ।’
কোহলির সঙ্গে নিজের প্রথম দিকের সম্পর্কের কথাও উঠে এসেছে আনুশকার লেখায়, ‘আমার ২০১৪ সালের সেই দিনটার কথা মনে পড়ে যে দিন তুমি এসে বলেছিলে যে ধোনি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় তোমাকে টেস্টের অধিনায়ক করা হয়েছে। আমার মনে আছে সে দিনই আমি, তুমি ও ধোনি বসে গল্প করছিলাম, যখন ধোনি মজা করে বলছিল কত তাড়াতাড়ি তোমার দাঁড়ি পাকতে শুরু করবে।’
আনুশকা লিখেন, ‘সে দিন থেকে আমি তোমার দাঁড়ি পাকতেই শুধু দেখিনি, মানুষ হিসাবে তোমার উন্নতি দেখেছি। ভারতীয় দলের অধিনায়ক হিসাবে তোমার উন্নতি দেখে আমি গর্বিত। তুমি দলকে অনেক সাফল্য দিয়েছ। তবে এই সময়ে তোমার ভেতরের উন্নতি দেখে আমি আরো গর্বিত।’
ভারতের অধিনায়ক হিসাবে কোহলির যাত্রা পথ মোটেই ফুল বিছানো ছিল না বলে মনে করিয়ে দিয়েছেন আনুশকা। লিখেছেন, সব সময় সৎ থেকে নিজের কাজ করে গেছেন কোহলি।
অধিনায়কত্ব ছেড়ে দিয়ে কোহলি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করেন আনুশকা, ‘তুমি কোনো দিন পদের লোভ করোনি। কারণ কেউ যখন কোনো কিছুকে খুব জোরে চেপে ধরে থাকতে চায় তখন সে নিজেকে সীমিত করে ফেলে। কিন্তু তুমি তো অসীম। এই সাত বছরে তুমি যা শিখেছ তা তোমার কাছ থেকে আমাদের মেয়েও শিখবে।’