ঘরের মাঠে ব্রেন্টফোর্ডকে হারিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এলে লিভারপুল।
অ্যানফিল্ডে রবিবার ব্রেন্টফোর্ডকে ৩-০ গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।
প্রথম গোলের জন্য অবশ্য লিভারপুলকে অপেক্ষা করতে হয়েছে ৪৪ মিনিট পর্যন্ত। ব্রাজিলিয়ান তারকা ফ্যাবিনহোর গোলে অপেক্ষা ফুরায় দলটির।
দ্বিতীয়ার্ধে অক্সল্যাড-চেম্বারলাইন ও তাকুমি মিনামিনো গোল করলে ৩-০ গোলে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।
লিগে তিন ম্যাচ পর জয়ের স্বাদ পেল লিভারপুল। গত তিন রাউন্ডের দুটিতে তারা ড্র করেছিল টটেনহ্যাম হটস্পার ও চেলসির সঙ্গে। মাঝে হেরেছিল লেস্টার সিটির বিপক্ষে।
এই জয়ের সুবাদে ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি এগিয়ে আছে ১১ পয়েন্ট, এক ম্যাচ বেশি খেলেছে তারা।
মৌসুমে মাত্র ১০ পয়েন্ট হারিয়েছে সিটি। শিরোপার রেসে তারা এগিয়ে গেছে অনেকটাই।
২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে চেলসি তৃতীয় ও ৩৭ পয়েন্ট নিয়ে ওয়েস্টহামের অবস্থান চতুর্থ।