বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় চারজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ১০টি নমুনা পরীক্ষায় চারজনের করোনা শনাক্ত হয়।
এই জেলায় সংক্রমণের হার দাঁড়িয়েছে ৪০ শতাংশ। তবে বাগেরহাট জেলায় করোনায় আক্রান্ত হয়ে নতুন করে মারা যায়নি।
বাগেরহাটে করোনাভাইরাসের সংক্রমণের তৃতীয় ঢেউ শুরুর পর উপসর্গ দেখা দিলেও অধিকাংশ মানুষই নমুনা পরীক্ষায় অনীহা দেখাচ্ছে। যার ফলে অনেক সন্দেহভাজন সংক্রমিত রোগীর মাধ্যমে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছে স্বাস্থ্য বিভাগ।
তাই অবহেলা না করে করোনার উপসর্গ কারও শরীরে থাকলে হাসপাতালে এসে নমুনা পরীক্ষার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
বাগেরহাটের সিভিল সার্জন (সিএস) ডা. জালাল উদ্দিন আহমেদ এই প্রতিবেদককে বলেন, বাগেরহাটে সম্প্রতি করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। বাগেরহাটের হাসপাতালগুলোতে নমুনা পরীক্ষার ব্যবস্থা রয়েছে। হাসপাতালগুলোতে প্রতিদিন আট থেকে দশটির নমুনার বেশি আমরা পাচ্ছি না। যা পরীক্ষা হচ্ছে তাতেই সংক্রমিত রোগী কম না। ১০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত শনাক্তের হার ওঠানামা করছে।
অনেকের শরীরের করোনার উপসর্গ দেখা দিলেও তারা নমুনা পরীক্ষায় অনাগ্রহ দেখাচ্ছে। ফলে ওই সন্দেহভাজন রোগীর মাধ্যমে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থেকেই যাচ্ছে। তাই অবহেলা না করে বেশি বেশি পরীক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।