কুমিল্লার ব্যাটিং কোচ হয়ে আবারও বাংলাদেশে রোডস

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ স্টিভ রোডসকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল কুমিল্লা ভিক্টোরিয়ানস। সোমবার কুমিল্লার অনুশীলনে যোগ দিয়েছেন তিনি।

২০১৮ সালের জুনে টাইগারদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন রোডস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে এই ইংলিশ কোচের চুক্তি ছিল ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

কিন্তু বোর্ডের সঙ্গে বনিবনা না হওয়ায় ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পরপরই চুক্তি শেষ করে ফিরে যান রোডস। বাংলাদেশ দলে শ্রীলঙ্কান কোচ চন্দিকা হাথুরুসিংহের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি।

পরিসংখ্যানের বিচারে বাংলাদেশে রোডস বেশ সফল কোচ ছিলেন। কিন্তু ২০১৯ বিশ্বকাপে টাইগারদের ব্যর্থতার দায় পড়ে তার কাঁধে।

দায়িত্ব ছাড়ার প্রায় আড়াই বছর পর বাংলাদেশে এলেন রোডস। তবে এবার তাকে দেখা যাবে ভিন্ন ভূমিকায়। রোডস এবার বাংলাদেশে এসেছেন কুমিল্লার ব্যাটিং কোচ হিসেবে। দলটির প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের অধীনে কাজ করবেন তিনি।